নিষিদ্ধ ইন্দোনেশিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল ফেডারেশনের কর্মকাণ্ডে সরকারি হস্তক্ষেপ। আর এ কারণেই ইন্দোনেশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনকে সাময়িক নিষিদ্ধ করেছে ফিফা। সরকারি হস্তক্ষেপে দেশটির জাতীয় লিগ বন্ধ হয়ে যাওয়ার পর পরশু এ সিদ্ধান্তের কথা জানায় ফিফা। ফুটবল নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মেনে নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে না পারলে আগামী মাস থেকে শুরু ২০১৮ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই ও এশিয়ান কাপে খেলতে পারবে না ইন্দোনেশিয়া। এশিয়ার বাছাইপর্বে ইরাক, ভিয়েতনাম, থাইল্যান্ড ও চীনা তাইপের সঙ্গে ‘এফ’ গ্রুপে পড়েছিল তারা। তবে সিঙ্গাপুরে সাউথ ইস্ট এশিয়ান (সি) গেমসে খেলার ওপর নিষেধাজ্ঞা নেই, যেহেতু টুর্নামেন্টটি এরই মধ্যে শুরু হয়ে গেছে। নিষেধাজ্ঞার দায়ভার অবশ্য গ্রহণ করেছে ইন্দোনেশিয়ান সরকার। ফিফার নির্দেশনা মেনে সংস্কার করা হবে বলেও আশ্বস্ত করেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। রয়টার্স।