নিষিদ্ধ চাক ব্লেজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফা কেলেঙ্কারি ধরিয়ে দেওয়ার কাজটা করেছিলেন তিনিই। চাক ব্লেজারের দেওয়া স্বীকারোক্তি থেকেই এফবিআই ফিফার দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করে। এরপর জুরিখে ফিফার সাত কর্মকর্তা গ্রেপ্তার, পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েও সেপ ব্ল্যাটারের পদত্যাগের ঘোষণা—ফুটবল-বিশ্ব একটা ঝড়ের মধ্য দিয়েই গেছে। সাবেক কনক্যাকাফ মহাসচিব ব্লেজারের নিজের বিরুদ্ধেও ঘুষ নেওয়া, কর ফাঁকিসহ নানা দুর্নীতির অভিযোগ আছে। সেগুলোর জন্য এরই মধ্যে অভিযোগও আনা হয়েছে ফিফার নির্বাহী কমিটির সাবেক এই সদস্যের বিরুদ্ধে। চূড়ান্ত রায় পেতে সময় লাগবে, তবে একটা শাস্তি কালই পেয়ে গেছেন। ফিফা থেকে চিরতরে নিষিদ্ধ করেছে ক্যানসারের সঙ্গে সংগ্রামরত ৭০ বছর বয়সী আমেরিকানকে। ফিফার এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ফিফা ও কনক্যাকাফের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থাকার সময় মি. ব্লেজার বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন ধারাবাহিকভাবেই।’ এএফপি।