নিষিদ্ধ জার্সি!

গত ২৮ মে রাতে সান সিরো স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো-আঁতোয়ান গ্রিজমানরা। ঠিক সেই সময় ইরাকের বাকুবা শহরে রিয়াল মাদ্রিদের ১২ জন সমর্থক খেলা দেখার জন্য প্রাণ হারিয়েছিলেন উগ্রপন্থী জঙ্গি সংগঠন আইএসের হাতে। এ ঘটনার দুই সপ্তাহ আগেই বালাদ শহরে রিয়াল মাদ্রিদের আরেকটি ফ্যান ক্লাবে আইএসের হামলায় মারা যান ১৪ রিয়াল সমর্থক। ফুটবলের প্রতি বিদ্বেষ ছড়ানোর কাজ আইএস চালিয়ে যাচ্ছে এখনো। নতুন করে ইরাকের আল-ফুরাত অঞ্চলের মানুষদের রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনার জার্সি গায়ে দেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে এই জঙ্গি সংগঠনটি।
শুধু স্পেনের এই দুই ক্লাবই নয়; ওই অঞ্চলে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা ম্যানচেস্টার সিটির জার্সিও নিষিদ্ধ করেছে আইএসের পুলিশ সংগঠন হিসবা। নিষেধাজ্ঞা শুধু এ ক্লাবগুলোতেই নয়, অ্যাডিডাস কিংবা নাইকির তৈরি করা সব জার্সির ওপরই দিয়েছে জঙ্গি সংগঠনটি। মার্কা।