নিষিদ্ধ হওয়ার মুখে কোচ জিজু
বছরের শুরুতে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, ‘জিদানের সঙ্গে কাজ করে আমি খুব খুশি। তার উৎসাহ-উদ্দীপনা প্রচুর। জানেও অনেক। সে বুঝতে পারে মাঠে কী ঘটবে।’ করিম বেনজেমা যে বদলে গেছেন, তার পেছনেও নাকি ‘জিজু’ই মূল অবদান রেখেছেন বলে জানিয়েছিলেন আনচেলত্তি। এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোও উচ্ছ্বসিত প্রশংসা করেন ফ্রান্স কিংবদন্তিকে নিয়ে। কিন্তু কোচ হিসেবে পথচলার শুরুতে বড় একটা ধাক্কাই খেলেন জিদান। আবশ্যকীয় যোগ্যতা ছাড়াই কোচের দায়িত্ব পালন করায় তিন মাসের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন জিনেদিন জিদান!
রিয়াল মাদ্রিদের সহকারী কোচের পদ ছেড়ে রিয়ালের ‘বি’ দল কাস্তিয়ার কোচ হয়েছেন জিদান। নিয়মানুযায়ী এই পর্যায়ে কোচিং করাতে একজনের অবশ্যই লেভেল-৩ মানের ডিপ্লোমা লাইসেন্স থাকতে হয়। জিদানের নাকি সেটা নেই। স্পেনের জাতীয় কোচদের সংস্থা সিইএনএএফই স্প্যানিশ লিগ কমিটির কাছে এমনই অভিযোগ করেছিল। যদিও রিয়াল মাদ্রিদের দাবি ছিল, কাস্তিয়ার কোচ আসলে সান্তিয়াগো সানচেজ, জিদান তাঁর সহকারী। পুরো অভিযোগ খতিয়ে দেখতে আয়োজক কমিটি আইনজীবী হিসেবে নিয়োগ করে আলবার্তো পেরেজ কালদেরনকে। কাস্তিয়ার বিভিন্ন ম্যাচের ছবি ও ভিডিও তদন্ত করে প্রমাণ পাওয়া গেছে, মাঠে জিদানই প্রধান কোচের ভূমিকা পালন করছেন। এমনকি রিয়ালের ওয়েবসাইটেও জিদানকেই কাস্তিয়ার কোচ দেখানো হয়েছে। আলবার্তো তাই জিদান ও সান্তিয়াগো সানচেজ—দুজনকেই তিন মাসের জন্য নিষিদ্ধ করার সুপারিশ দিয়েছেন। মার্কা, গোলডটকম।