নিষিদ্ধই হলেন বেনজেমা

ঘোষণা আসতে পারে, ইঙ্গিতটা আগেই পাওয়া গিয়েছিল। কদিন আগেই ফ্রেঞ্চ প্রধানমন্ত্রী বলে দিয়েছিলেন, করিম বেনজেমাকে আর জাতীয় দলে দেখতে চান না। অবশেষে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন এক বিবৃতি দিয়ে জানিয়ে দিল, নিষিদ্ধ করা হয়েছে বেনজেমাকে। যার অর্থ, অনির্দিষ্টকালের জন্য ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না এই স্ট্রাইকার।
ফ্রান্স দলের সতীর্থ ম্যাথু ভালবুয়েনাকে একটা ভিডিও টেপ নিয়ে ফাঁসানোর অভিযোগ এসেছিল রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারের বিরুদ্ধে। পরে সেটার জন্য ফ্রান্সের আদালতে মামলাও দায়ের করা হয়েছে বেনজেমার বিরুদ্ধে। সেই অভিযোগের তদন্ত এখনো চলছে। বেনজেমা অবশ্য তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।
গত মাসেই জার্মানির সঙ্গে প্রীতি ম্যাচে বেনজেমাকে দল থেকে বাদ দিয়েছিলেন কোচ দিদিয়ের দেশম। ভালবুয়েনাকেও রাখেননি দলে। ফ্রান্সের পরের খেলা অবশ্য ফেব্রুয়ারিতে। কিন্তু ফ্রেঞ্চ ফেডারেশন তত দিন পর্যন্ত অপেক্ষা করল না, তার আগেই নিষিদ্ধ করল এই স্ট্রাইকারকে। এক বিবৃতিতে ফেডারেশন জানিয়েছে, এই অভিযোগ থেকে নিষ্কৃতি না পাওয়া পর্যন্ত দলে সুযোগ পাবেন না বেনজেমা। যার অর্থ, নিজের দেশে ২০১৬ ইউরোতে খেলা নিয়েও এখন ঘোর সংশয়।
অনেক দিন থেকেই ফ্রান্সের প্রধান স্ট্রাইকার তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে আছেন ফর্মের তুঙ্গে। কিন্তু প্রয়োজনের চেয়েও নীতিটাকেই বড় করে দেখল ফ্রান্স। এএস।