নিষেধাজ্ঞা কমল হারার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল পেরুর সঙ্গে সেমিফাইনালে ছিলেন দর্শক। গঞ্জালো হারার এই কোপা আমেরিকাই শেষ হয়ে গেছে। কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের এডিনসন কাভানির সঙ্গে অভব্য আচরণের জন্য তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন চিলি ডিফেন্ডার। তবে একটা সুসংবাদ আছে হারার জন্য, নিষেধাজ্ঞা তিন ম্যাচ থেকে কমে দুই ম্যাচে নেমে এসেছে। তার মানে এই কোপার পরেই আবার খেলতে পারবেন চিলির হয়ে।
চিলির ফুটবল ফেডারেশন প্রথমে জানিয়েছিল, তারা হারার নিষেধাজ্ঞা মেনে নেবে। কিন্তু পরে সাজা মওকুফ চেয়ে আপিল করে। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) সেটা এক ম্যাচ কমিয়েও এনেছে। জরিমানাও সাড়ে সাত হাজার মার্কিন ডলার থেকে পাঁচ হাজারে নেমেছে।
উরুগুয়ের সহকারী কোচ মারিয়ালো রেবেলোর দাবি মানলে বলতে হবে হারার নিষেধাজ্ঞাটা কমই হয়ে গেছে। ‘কাভানিকে উসকে দেওয়ার পর হারা বলেছিল, ‘‘তোর বাবা ২০ বছরের জন্য জেলে পচবে।”— বলেছেন রেবেলো। মনে করিয়ে দেওয়া ভালো, ওই ম্যাচের আগে গাড়ি দুর্ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন কাভানির বাবা। কাভানি ম্যাচের আগেই ফিরে যেতে চেয়েছিলেন দেশে। এএফপি, মার্কা।