নিষেধাজ্ঞা থেকে মুক্তির আশা ব্ল্যাটারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞায় ব্রাত্য হয়ে আছেন ফুটবলে। এদিকে যুক্তরাষ্ট্রের আদালতেও মামলা চলছে ফিফার দুর্নীতি নিয়ে, যেখানে হাজিরা দিতে যেতে হবে তাঁকে। সব মিলিয়ে সময়টা আসলেই ভালো যাচ্ছে না সাবেক ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের। তবে ব্ল্যাটার আশাবাদী, আন্তর্জাতিক ক্রীড়া আদালত তাঁর নিষেধাজ্ঞা তুলে নেবেন। এমনকি যুক্তরাষ্ট্রের আদালতেও সাক্ষ্য দিতে যেতে ভয় নেই তাঁর।
অবৈধ একটি লেনদেনের কারণে গত ডিসেম্বরে ফিফার নৈতিকতা কমিটি ৮ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে সেপ ব্ল্যাটার ও সাবেক উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিকে। পরে ফিফার আপিল কমিটি সেই নিষেধাজ্ঞা কমিয়ে ৬ বছর করেছে। তবে আপিল কমিটির রায়ের বিরুদ্ধেই আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছেন ব্ল্যাটার-প্লাতিনি। পরশু প্লাতিনি জানিয়েছেন, ২৯ এপ্রিল ক্রীড়া আদালত শুনানির জন্য ডেকেছেন তাঁকে। একই দিনে সুইজারল্যান্ডের বাসেল বিশ্ববিদ্যালয়ে ফিফায় সংস্কার বিষয়ে একটি আলোচনা সভায় অংশ নিতে গিয়ে সেটি নিয়ে সন্তুষ্টিই প্রকাশ করেছেন ব্ল্যাটার, ‘ক্রীড়া আদালত প্লাতিনির মামলায় অগ্রগতি করেছেন, এটা আশার কথা। আমার মনে হয় ওর মামলাটার পরেই আমার মামলার শুনানি হবে।’
নিজের মামলা নিয়ে কিন্তু খুব আশাবাদীই মনে হলো ব্ল্যাটারকে, ‘আমি বিশ্বাস করি, এখন অন্তত ক্রীড়া আদালত ন্যায়বিচার নিয়ে কথা বলবেন, গুঞ্জনে কান দেবেন না। তার মানে, বিচার বিভাগের দায়িত্ব প্রমাণ করা যে, যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তিনি দোষী। অভিযুক্ত ব্যক্তির নিজেকে নির্দোষ প্রমাণের দায় নেই।’
সুইজারল্যান্ডের আদালতে গিয়ে নিষেধাজ্ঞা তুলে নিতে পারতেন—এই আভাস দিয়ে ব্ল্যাটার বলেছেন, ‘এই নিষেধাজ্ঞা তোলার আরও অনেক উপায় আছে। তবে আমি আত্মবিশ্বাসী আন্তর্জাতিক ক্রীড়া আদালতই নিষেধাজ্ঞা তুলে দেবেন।’
এতই যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে কি যুক্তরাষ্ট্রের আদালতে ফিফার দুর্নীতি নিয়ে চলমান মামলায় সাক্ষ্য দিতে যাবেন? এই প্রশ্নটাও করা হয়েছিল ব্ল্যাটারকে। একসময়ের প্রতাপশালী এই ফুটবল প্রশাসক জবাব দিয়েছেন, ‘যদি ওদের আমাকে দরকার হয়, তাহলে অবশ্যই যাব।’ এএফপি।