নিষেধাজ্ঞা থেকেই গেল বার্সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক ক্রীড়া আদালত খারিজ করে দিলেন বার্সার আপিল। ছবি: মার্কা
আন্তর্জাতিক ক্রীড়া আদালত খারিজ করে দিলেন বার্সার আপিল। ছবি: মার্কা

বিপত্তির শুরু সেই এপ্রিলে। অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড় (অনূর্ধ্ব-১৮) কেনার ক্ষেত্রে গুরুতর আইন লঙ্ঘনের অভিযোগে বার্সেলোনার খেলোয়াড় কেনা-বেচায় নিষেধাজ্ঞা দেয় ফিফা। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থার এ সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়া বার্সা আগস্টে আপিল করে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস)। আজ সিএএস খারিজ করে দিয়েছেন বার্সার সে আপিল। 
এক বিবৃতিতে সিএএস জানিয়েছে, ‘২০১৪ সালের ১৯ আগস্ট ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে বার্সার করা আপিল খারিজ করে দিয়েছেন সিএএস।’ এতে করে ২০১৫ সালের জানুয়ারি ও গ্রীষ্মের দলবদলে নতুন করে খেলোয়াড় কিনতে বা বেচতে পারবে না কাতালান জায়ান্টরা। সিএএস ফিফার শাস্তি বজায় রাখায় বার্সা খেলোয়াড় কেনা-বেচা করতে পারবে ২০১৬ সালের জানুয়ারি থেকে।
‘লা মেসিয়া’ একাডেমি ও খেলোয়াড় কেনা নিয়ে ফিফার সঙ্গে বার্সার দ্বন্দ্ব চলে আসছিল বেশ আগে থেকেই। এপ্রিলে ফিফা বার্সার ওপর নতুন কোনো খেলোয়াড় কেনার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তার বিরুদ্ধে আপিল করেও কোনো লাভ না হয়নি। মাঝে অবশ্য ফিফার সিদ্ধান্তের ওপর একটা স্থগিতাদেশ ছিল, সেই সুযোগে বার্সা সেরে নেয় সুয়ারেজসহ আট ফুটবলারকে দলে ভেড়ানোর প্রক্রিয়া। তথ্যসূত্র: গোলডটকম ও মার্কা।