নিষেধাজ্ঞা বহাল রিয়াল-অ্যাটলেটিকোর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খারিজ হয়ে গেল দুই প্রতিবেশী রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের আবেদন। অনূর্ধ্ব-১৮ বছর বয়সী বিদেশি খেলোয়াড় দলে ভেড়ানোর জন্য জানুয়ারিতে দলবদলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল দুই দলের ওপর। রিয়াল ও অ্যাটলেটিকো সেটির বিরুদ্ধে ফিফায় আবেদন করেছিল। কিন্তু সেই আবেদন নাকচ করে দিয়েছে ফিফা, যার মানে দলবদলের পরের দুই মৌসুমে কোনো নতুন খেলোয়াড় কিনতে পারবে না মাদ্রিদের দুই ক্লাব। শুধু নিষেধাজ্ঞা নয়, দুই ক্লাবকে জরিমানাও দিতে হচ্ছে। রিয়ালকে দিতে হবে প্রায় ৩ লাখ ৭০ হাজার ডলার, অ্যাটলেটিকোর ক্ষেত্রে সেটি ৯ লাখ ২৫ হাজার ডলার।
অবশ্য এখনই দুই দলের আশা শেষ হয়ে যায়নি। সর্বোচ্চ ক্রীড়া আদালতে এই রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারবে দুই ক্লাব। রিয়াল এর মধ্যেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করার আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে। এএফপি।