নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত, ডি গেয়া-লেভাকে নিচ্ছে রিয়াল?

নিষেধাজ্ঞার শাস্তিটা এখনো ঝুলছে। দুটি দলবদল মৌসুমে কোনো খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে না রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে সেটি আগামী জুন থেকেই শুরু না-ও হতে পারে। ক্লাব দুটির আপিলের পর ফিফার আপিল কমিটি গতকাল মাদ্রিদের দল দুটির দলবদলের ওপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে।
অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড় নিবন্ধনের নিয়ম ভঙ্গ করায় গত ১৪ জানুয়ারি মাদ্রিদের ক্লাব দুটির দলবদলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ফিফা। ২০১৪ সালে আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকেও একই শাস্তি দিয়েছিল ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। নিষেধাজ্ঞা পাওয়ার পর বার্সা আপিল করে ২০১৪ সালের গ্রীষ্মকালীন দলবদলে খেলোয়াড় নিবন্ধন করানোর সুযোগ পেয়েছিল। রিয়াল ও অ্যাটলেটিকোও সেই সুযোগ পেল। রায়ের কিছু শর্ত আছে, এগুলো মেনে চললে সম্ভবত আগামী গ্রীষ্মে খেলোয়াড় নিবন্ধন করাতে কোনো সমস্যা হবে না তাদের।
নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার খবরটি জানিয়েছে ক্লাব দুটিই। রিয়াল তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘শর্তসাপেক্ষে ক্লাবের ওপর থাকা নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ফিফার আপিল কমিটি।’ অ্যাটলেটিকো মাদ্রিদ টুইটারে প্রায় অভিন্ন ভাষায় নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার খবর দিয়েছে।
আগে থেকেই বোঝা যাচ্ছিল নিষেধাজ্ঞা স্থগিত হবে। এ কারণেই এই জানুয়ারির দলবদলে কোনো খেলোয়াড় দলে নেয়নি মাদ্রিদের দুই প্রতিবেশি ক্লাবের কোনোটিই। তবে রায় পাওয়ার পর থেকেই রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আগামী গ্রীষ্মে কোন তারকাকে গ্যালাকটিকোতে নিয়ে আসবেন, সেটির পরিকল্পনা শুরু করে দিয়েছেন। নতুন কোচ জিনেদিন জিদানও দলকে তাঁর মতো করে গুছিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আর এই দুজনের ইচ্ছেতালিকায় দুটি নামই নাকি সবার ওপরে—ম্যানচেস্টার ইউনাইটেডের স্প্যানিশ গোলকিপার ডেভিড ডি গেয়া ও বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি।
গত গ্রীষ্মকালীন দলবদলে কয়েক সেকেন্ডের জন্য ডি গেয়াকে দলে নিতে পারেনি রিয়াল। এবার আর সেই ভুল নিশ্চয়ই করবেন না পেরেজ। অন্যদিকে লেভানডফস্কি দলে আসা মানে বেল-রোনালদো-বেনজেমা ত্রয়ীর কারো একজনের বেরিয়ে যাওয়া। গ্যারেথ বেলের ভবিষ্যৎ সুরক্ষিতই মনে হচ্ছে। সে ক্ষেত্রে কে দল ছেড়ে যাবেন? করিম বেনজেমা, নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? তথ্যসূত্র: মার্কা।