নিষ্ঠুর হতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরোপা জেতার মতো দল গড়তে চাইলে ইউনাইটেডের কী করা দরকার? ছবি: রয়টার্স
শিরোপা জেতার মতো দল গড়তে চাইলে ইউনাইটেডের কী করা দরকার? ছবি: রয়টার্স

এ মৌসুমে বেশ ভালো অবস্থানে থেকেই লিগ শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে তৃতীয় হয়ে এক মৌসুম বিরতি দিয়ে আবার চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি। কিন্তু অতীতে যে দলটি শিরোপা না জিতলে মৌসুমটা ব্যর্থ হয়েছে বলে ভাবত, তারাই এখন কোনোমতে চ্যাম্পিয়নস লিগের টিকিট পেলেই খুশি।

ম্যানচেস্টারের সোনালি যুগের ফুটবলার হিসেবে তা মেনে নিতে পারছেন না দলটির সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল। সাফল্যের জন্য প্রয়োজনে ক্লাবকে দিয়েছেন নিষ্ঠুর হওয়ার পরামর্শ। ‘নিষ্ঠুর ’ বলতে বুঝিয়েছেন দল বদলের বাজারে খেলোয়াড় কেনায় হতে হবে সাহসী এবং বাড়াতে হবে বিনিয়োগ। দলের প্রয়োজনে পুরোনো খেলোয়াড়কেও বসিয়ে রাখতে হবে বেঞ্চে।

ওলে গুনারের দলে গোলরক্ষক থেকে শুরু করে ফরোয়ার্ড লাইন পর্যন্ত নতুন খেলোয়াড়ের প্রয়োজন অনুভব করছেন নেভিল। দলের চার বিভাগেই অন্তত একজন নতুন খেলোয়াড় নেওয়ার পক্ষে নেভিল। সেন্টারব্যাকে হ্যারি ম্যাগুয়ার ও ভিক্টর লিন্ডলফের একজন প্রতিদ্বন্দ্বী খুঁজছেন। গোলরক্ষক ডেভিড ডে হেয়ার পারফরম্যান্সেও সন্তুষ্ট নন। নিয়মিত অধিনায়ক হ্যারি ম্যাগুয়ারের সঙ্গে খেলার মতো নতুন একজন উঁচু মানের সেন্টারব্যাক কেনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন ইংল্যান্ড জাতীয় দলের সাবেক এই ডিফেন্ডার।

কোচ ওলে গুনার সুলশারের প্রতি নেভিলের বার্তা, ‘সুলশারকে অর্থ ব্যয় করতে হবে, তবে বেপরোয়া ভাবে নয়। দলটির একজন ভালো সেন্টারব্যাক প্রয়োজন। যে রক্ষণভাগে লিভারপুলের ফন ডাইক বা ম্যানচেস্টার সিটির ভিনসেন্ট কোম্পানির মতো শিরোপা জয়ে অবদান রাখতে পারবে। আমি মনে করি না হ্যারি ম্যাগুয়েরের মৌসুমটা খুব বাজে কেটেছে। তার একজন ভালো সঙ্গী প্রয়োজন। ভিক্টর লিন্ডলফের প্রতি অবিচার করছি না। তারও ভালো সঙ্গীর প্রয়োজন হতে পারে। ওরা দুজনেই ভালো ডিফেন্ডার। তবে ইউনাইটেডের একজন ভালো সেন্টারব্যাক প্রয়োজন। তোমাকে (সুলশার) নিষ্ঠুর হতে হবে। বিশ্বের সেরা ম্যানেজাররা নিষ্ঠুর হয়।’

তবে শুধু সেন্টারব্যাক কিনলেই হচ্ছে না, নেভিলের কথা শুনলে মনে হতে পারে ম্যানচেস্টারের পুরো দলেই বিনিয়োগ দরকার, ‘তাদের একজন রাইট উইঙ্গার প্রয়োজন। একজন সেন্টার ফরোয়ার্ড প্রয়োজন। একজন লেফট ব্যাকসহ অবশ্যই একজন গোলরক্ষকেরও প্রয়োজন। ’

কয়েক বছর আগেও স্পেনের ডে হেয়াকে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক বলা হতো। কিন্তু বর্তমানে নামের প্রতি সুবিচার করতে পারছেন না এই স্প্যানিশ। বিশ্বকাপের পর ডে হেয়ার পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট নেভিল,‘গত ১৮ মাসে সে বেশ কিছু ভুল করেছে। গোলরক্ষকের ব্যাপারে কেবল সুলশারই সিদ্ধান্ত নিতে পারে। আমি এই বিষয়ে বলব, তাকে নিষ্ঠুরভাবে সিদ্ধান্ত নিতে হবে। ক্লাব ও নিজের ব্যাপারে ভাবতে হবে। সে যদি মনে করে ডে হেয়া আগের পর্যায়ে ফিরে আসতে পারবে, তাহলে ঠিক আছে।’