নিষ্প্রভ মেসি , নিষ্প্রাণ জয় বার্সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন মেসি ছবি: রয়টার্স
পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন মেসি ছবি: রয়টার্স

মাত্র কয়েক ঘণ্টা আগেই লিওনেল মেসিকে টপকে চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতার আসনটা ছিনিয়ে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বার্সা সমর্থকেরা তাই অপেক্ষায় ছিলেন মেসির জ্বলে ওঠার। কিন্তু সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি এই আর্জেন্টাইন তারকা। জেরেমি ম্যাথিউর গোলে কোনোমতে সেল্টা ভিগোর বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ে লিগের শীর্ষস্থানটা অটুট থাকলেও জয়ের ধরনটা সমর্থকদের মন ভরাতে পারছে কই?
মেসিকে পুরোপুরি ফিট ঘোষণা করলেও সেল্টা ভিগোর বিপক্ষে তাঁকে খেলাবেন কিনা এ নিয়ে একটা ধোঁয়াশা তৈরি করেছিলেন বার্সা কোচ লুইস এনরিকে। সব সংশয় এড়িয়ে শুরু থেকেই কাল মাঠে ছিলেন মেসি। কিন্তু দর্শকেরা দেখেছেন তাঁর ছায়াই। পুরো সময়টাই এই মহাতারকা ছিলেন অসম্ভব নিষ্প্রভ। জ্বলে উঠতে পারেননি নেইমার-সুয়ারেজ-ইনিয়েস্তারাও। পুরো মাঝমাঠ ছিল অগোছালো-এলোমেলো। ৫৮ মিনিটে জাভি নামলেও এই অগোছালো ভাবটা কাটেনি একেবারে শেষ অবধিও।
সুযোগ কিন্তু সৃষ্টি হয়েছিল। কিন্তু ‘ফিনিশিং’য়ের অভাবে সেই সুযোগগুলো গোলে পরিণত হয়নি। শেষমেশ ৭৩ মিনিটে জাভির ফ্রি-কিক থেকে গোলপোস্টের ডান দিক থেকে দুর্দান্ত একটি হেডে গোল করেন ডিফেন্ডার ম্যাথিউ। ওই একটি গোলেই শেষ রক্ষা হয়েছে বার্সার। শেষ দিকে অবশ্য ব্যবধান বাড়ানোর একটা সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু বারের ওপর দিয়ে চলে যায় তাঁর নেয়া শটটি।
গত নভেম্বরে ন্যু ক্যাম্পেই বার্সাকে হারিয়েছিল সেল্টা ভিগো। নিজেদের মাঠে ফিরতি লেগের খেলায় তাই শুরু থেকেই আত্মবিশ্বাসী দেখাল দলটিকে।। আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াইটা তারা জমিয়েছিল যথেষ্টই। সেল্টার কয়েকটি আক্রমণ ঠেকাতে বার্সার রক্ষণ দৃঢ়তা না দেখালে খেলার ফল অন্য রকম হলেও হতে পারত। খেলার একদম শেষ দিকে অবশ্য ১০ জনের দলে পরিণত হয় সেল্টা। হাস্যকর এক ফাউলের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় স্ট্রাইকার ফাবিয়ান অরেলানাকে। সূত্র: রয়টার্স।