নিষ্প্রাণ ডার্বি 'রাঙালেন' ফেলাইনি

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ-সমর্থকেরা মারুয়ানে ফেলাইনিকে কড়কানি দেবেন। তবে নিখাদ ফুটবল-ভক্তরা হয়তো তাঁকে ছোট্ট করে দেবেন একটা ধন্যবাদ। মাত্র ১৯ সেকেন্ডের পাগলামিতে তাঁর লাল কার্ডই যে পরশুর ম্যানচেস্টার ডার্বিতে যা একটু উত্তেজনা এনে দিয়েছে!
একটু ভুল হলো। ফেলাইনির লাল কার্ড আর চোট কাটিয়ে তিন মাস পর গ্যাব্রিয়েল জেসুসের ফেরা—পরশু ইতিহাদে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে সবচেয়ে বেশি উত্তেজনা ছড়িয়েছে এই দুটি ঘটনাই। না হলে গোলশূন্য ড্র ম্যাচে আকর্ষক মুহূর্ত যে হাতে গোনা।
ইউনাইটেড ডাগআউটে হোসে মরিনহো, সিটিতে পেপ গার্দিওলা; তার ওপর যে জিতবে, সে-ই এগিয়ে যাবে সেরা চারের দৌড়ে—ম্যাচটা নিয়ে তাই আগ্রহের কমতি ছিল না। কিন্তু ৯০ মিনিটজুড়ে হতাশাই মিলল শুধু। ইব্রাহিমোভিচ-পগবা-মাতা নেই। মরিনহো বেছে নিয়েছিলেন তাঁর বিখ্যাত কৌশল—রক্ষণ জমাট রাখো, আর সুযোগ পেলে রাশফোর্ড-মার্শিয়ালদের গতি কাজে লাগিয়ে প্রতি আক্রমণ! প্রথমার্ধে সেটি কাজেও লেগেছে। হেনরিক মেখিতারিয়ান ও অ্যান্ডার হেরেরা দুটি দুর্দান্ত সুযোগ নষ্ট না করলে গল্পটা অন্য রকম হতো।
কিন্তু সিটি? বলের দখল ৬৯ শতাংশ ছিল ঠিকই, কিন্তু সেটি কাজে লাগিয়ে তারা দুর্দান্ত আক্রমণ করতে পারেনি। সার্জিও আগুয়েরোর শট পোস্টে লেগে ফিরেছে, ৯১ মিনিটে জেসুসের গোল অফসাইডে বাতিল হয়েছে, এ ছাড়া সিটির ১৯টি শটের বেশির ভাগই ছিল নির্বিষ। চুপসে যাওয়া ইতিহাদের গ্যালারিও জানিয়ে দিচ্ছিল, এ ম্যাচে প্রাণ নেই!
গ্যালারিতে প্রাণ জেগেছিল দুবার। শুরুতে বলা ওই দুটি ঘটনায়। অতিরিক্ত সময়ে অফসাইডে গোলটা বাতিল না হলে মাঠে ফেরাটা রাঙিয়েই রাখতে পারতেন জেসুস। তিনি না পারলেও ম্যাচটাকে লালে ‘রাঙিয়েছেন’ ফেলাইনি। আগুয়েরোকে ফাউল করে হলুদ কার্ড দেখার ১৯ সেকেন্ডের মধ্যে তাঁকেই আবার মাথা দিয়ে গুঁতো দেন ইউনাইটেড মিডফিল্ডার। মাটিতে পড়ে যান আগুয়েরো, ফেলাইনি দেখেন সরাসরি লাল কার্ড।
যদিও মরিনহো এখানে আগুয়েরোকে বলছেন ‘বুদ্ধিমান’, ‘(ম্যাচের পর) আগুয়েরোকে টানেলে দেখলাম। নাক ভাঙেনি, মাথা ফাটেনি, মুখও সব সময়ের মতোই সুন্দর। কিন্তু যদি ও ওভাবে মাটিতে লুটিয়ে না পড়ত, তাহলে ওটা লাল কার্ড হয় না।’ ওদিকে গার্দিওলা নাকি ঘটনাটা দেখেনইনি!
ম্যাচ থেকে ইউনাইটেডের প্রাপ্তি লিগে টানা ২৪ ম্যাচে অপরাজিত থাকা। আর সিটির প্রাপ্তি? গার্দিওলার একটা উপলব্ধি। সিটির ফুলব্যাকদের বয়সজনিত সমস্যা। চারজন ফুলব্যাকই যে ত্রিশোর্ধ্ব!