নিয়ম-কানুন নেই, কোন পথে ফুটবল?

দেশের এক নামী ফুটবল কোচের প্রশ্ন, ‘দেশের ফুটবলে কী কোনো নিয়মকানুন নেই নাকি?’
শুনে একটু অপ্রস্তুত হতে হলো। নিয়ম থাকবে না কেন? প্রতিটি দেশের ফুটবলই কিছু নিয়মের গণ্ডির মধ্যে থাকে। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশে নিয়ম কানুনের আকাল চলছে যেন যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। ওই কোচের কণ্ঠে বিদ্রূপ মাখা প্রশ্ন—‘দেশের ফুটবল থেকে সব নিয়ম নীতি উঠে গেল তাহলে?’
প্রশ্নটা করার কয়েক ঘণ্টা আগেই সব নিয়ম ভেঙে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে স্বাধীনতা কাপ টুর্নামেন্টে যোগ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তা দেখে ওই কোচ রীতিমতো বিস্মিত। প্রশ্নটা তাই না তুলে পারেননি তিনি। কারণ, নিবন্ধনের সময় তো বটেই, টুর্নামেন্ট শুরু হয়ে যাওয়ার পর এভাবে কোনো দলকে যোগ করা কেবল বাংলাদেশেই যে সম্ভব!
শেখ জামাল প্রথমে বলেছিল এবারের মৌসুম সূচক টুর্নামেন্টে তারা খেলবে না। কদিন আগে শেষ হওয়া দলবদলে শেখ জামাল ক্লাব ছেড়ে যাওয়া আট খেলোয়াড়কে ক্লাবটি ফেরত চায় ফেডারেশনের কাছে। ফেডারেশন নাকি ওই খেলোয়াড়দের অন্য দলে ‘পাচার’ করেছে। এ নিয়ে অনেক যুক্তি তর্ক আছে। ফেডারেশনও দায় এড়াতে পারবে না এটা সত্য। আদালতেও গড়িয়েছে পুরো বিষয়টি। আগামীকালই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এর শুনানি হওয়ার কথা।
এসব নিয়ে নানা কথাবার্তা চলছে বেশ কয়েক দিন ধরে। ‘আট খেলোয়াড়কে ফেরত না পেলে খেলব না’—এমন পণ করে শেখ জামাল নিবন্ধন করেনি স্বাধীনতা কাপে। গতকাল শুক্রবার টুর্নামেন্ট শুরু হওয়ার পরপরই দলটি জানাল তারা খেলবে। শেখ জামাল খেলতে চাইল আর সঙ্গে সঙ্গে সূচি পাল্টে, একটি ম্যাচ স্থগিত রেখে বাফুফে তাদের নিয়ে নিল। এতে এই বার্তাই পাওয়া যাচ্ছে, ক্লাব যখন ইচ্ছা খেলবে বা খেলবে না। ফেডারেশনের কিছু করার নেই। অথচ এটা কী কখনো ভাবা যায় যে, কোনো বিশেষ খেলোয়াড়কে না পেলে বার্সেলোনা বলল ‘আমরা কোপা ডেল রে খেলব না!’ পরে খেলতে চাইল আর স্প্যানিশ ফেডারেশন তাদের নিয়ে নিল!
প্রসঙ্গটা এ কারণেই তুলে আনা যে, দেশের ফুটবলে অধোগতির অন্যতম বড় কারণ ক্লাবগুলোর হাতে ফেডারেশনের নতজানু হয়ে থাকা। জাতীয় দলের একের পর এক ভরাডুবির পরও ঘরোয়া ফুটবল শক্তশালী করতে ফেডারেশনের কোনো শক্ত অবস্থান নেই। এই সমস্যাটা আগেও ছিল। বর্তমানে আরও তীব্র হয়েছে। ফলে ক্লাবগুলো আরও বেশি স্বেচ্ছাচারী হয়ে উঠছে। নিজেদের সুবিধা অনুযায়ী তারা যখন যা প্রয়োজন সেটাই করছে। বিদেশি খেলোয়াড় আসতে দেরি, সুতরাং খেলা পেছাও। কোচ আসেনি এখনো, সুতরাং এখন খেলা যাবে না। এমন অনেক ‘সমস্যা’ দেখিয়ে বড় দলগুলো মাঠে নামে না সময়মতো। ফেডারেশন এখানে কার্যকর কিছুই করতে পারছে না।
এ প্রসঙ্গে বাফুফে জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী বলেছেন,‘ আমরা সব দলকেই চাই টুর্নামেন্টে। সে কারণেই ফিকশ্চার বদলে শেখ জামালকে নেওয়া হয়েছে।’ শেখ জামালের ফুটবল কমিটির প্রধান আশরাফউদ্দিন আহমেদ চুন্নুর কথা,‘ ফুটবলের বৃহত্তর স্বার্থে আমরা খেলতে রাজি হয়েছি।’
ফুটবলের বৃহত্তর স্বার্থে খেলার মাঠে ফিরে আসা অবশ্যই ভালো কথা। কিন্তু একটা দেশের ফুটবলে সাধারণ নিয়ম নীতি না থাকলে চলবে কী করে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ফুটবলে।