নীরবেই চলে গেল বাদল রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী
২২ নভেম্বর, ২০২০—বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে এক শোকাবহ দিন। গত বছর এই দিনেই ক্যানসারের সঙ্গে লড়ে অনন্তলোকে পাড়ি জমিয়েছিলেন খেলোয়াড়ি জীবনে সমর্থকদের মধ্যমণি হয়ে থাকা বাদল রায়। অথচ আজ নীরবে–নিভৃতেই চলে গেল তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী। শুধু সোনালি অতীত ক্লাবই বাদল রায়ের স্মরণে একটি সভা আয়োজনের উদ্যোগ নিয়েছে ২৭ নভেম্বর। বাফুফে বা তাঁর প্রিয় মোহামেডান ক্লাবের পক্ষ থেকে একটি সৌজন্যমূলক বার্তাও চোখে পড়েনি।
বাদল রায় এখন অন্য ভূবনের বাসিন্দা। কিন্তু তিনি আছেন বাংলাদেশের ফুটবলে। এ দেশের ফুটবলের সোনালি সময়ের অবিচ্ছেদ্য অংশ হয়েই তিনি বেঁচে আছেন ফুটবলপ্রিয় এক বা একাধিক প্রজন্মের মননে, স্মৃতিতে। তিনি বারবারই ফিরে আসেন ফুটবল আলোচনায়, আড্ডায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ–সভাপতির চেয়ারে বসেছেন গোটা এক দশক। চিন্তায়চেতনায় সব সময়ই ধারণ করেছেন বাংলাদেশের ফুটবলের উন্নয়নের স্বপ্ন। জীবনের শেষবেলা পর্যন্ত বাফুফের সব ধরনের অন্যায়, অনিয়মের প্রতিবাদ করেছেন—স্রোতের বিপরীতে দাঁড়িয়েই। ২০১৯ সালে কুখ্যাত ‘ক্যাসিনো–কাণ্ড’ যখন ধ্বংসের মুখে নিয়ে ফেলেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে, তখনই তিনি পাশে দাঁড়িয়েছিলেন প্রিয় সাদা–কালো শিবিরের। অভিমান করে দূরে সরে থাকা একঝাঁক সাবেক তারকাকে জড়ো করেছিলেন, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য সামনে রেখে।
দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকার প্রথম মৃত্যুবার্ষিকীটা চলে গেল নীরবেই! ব্যাপারটা খুবই হতাশার তাঁর জীবনসঙ্গী মাধুরী রায়ের কাছে, ‘এখন আর বাদলের ফোন বেজে ওঠে না। বাদল চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন সবকিছুই নিয়ে গেছে। সে অনেক কিছুর সঙ্গেই জড়িত ছিল; যা করত, হৃদয় দিয়েই করত। কিন্তু কেউ তাঁকে মনে রাখেনি। হাসপাতালের বিছানা থেকে গাফ্ফার ভাই (সাবেক ফুটবলার আবদুল গাফফার) ছিলেন। এখনো শুধু তিনিই আছেন।’
প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ পরিবারের পক্ষ থেকে আয়োজন ছিল। বাংলা তিথি মেনে ১২ নভেম্বর ঢাকার ওয়ারীর একটি মন্দিরে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেছে তাঁর পরিবার। সেখানে উপস্থিত ছিলেন বাদল রায়ের একসময়ে মাঠের অনেক সতীর্থ।
১৯৭৭ সালে মোহামেডানের জার্সি গায়ে তুলে সেখানেই শেষ করেছেন ক্লাব ক্যারিয়ার। ১৯৮১ ও ১৯৮৬ সালে ছিলেন দলটির অধিনায়ক। ’৮৬–তে লিগ শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছিলেন। খেলা ছাড়ার পর ফুটবল দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠক হিসেবে জড়িয়ে থেকেছেন ফুটবলের সঙ্গে। বাফুফে ও সোনালি অতীত ছাড়াও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, জাতীয় ক্রীড়া পরিষদ ও মোহামেডান স্পোর্টিং ক্লাবে বিভিন্ন সময় বিভিন্ন পদে ছিলেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত ছিলেন অসুস্থ হওয়ার আগপর্যন্ত।