নীল বেদনার এক নাম মাজোলা

>অনেকেই মাজোলাকে মনে করেন ইতালির সর্বকালের সেরা ফুটবলার
সংসারে টানাপোড়েন, নুন আনতে পান্তা ফুরোয়। মেধা থাকলেও ছেলেটার তাই স্কুলে যাওয়া হয় না। রোমান্টিক শহর মিলানের ছেলেমেয়েরা যখন রাস্তায় কলকাকলি তুলে দলবেঁধে স্কুলে যায়, ছোট্ট ভ্যালেন্তিনো মাজোলা, কতই বা বয়স হবে আট কী দশ—সে তখন ধরে কারখানার পথ। কাজে যেতে যেতে সুর সেও তোলে। কণ্ঠে নয়, পায়ে!
মিলানের এক কোণে ঘিঞ্জি বস্তি পেরিয়ে কারখানার পথে প্রচুর বেওয়ারিশ টিনের কৌটা পড়ে থাকে। দুরন্ত মাজোলার কাছে সেগুলো পায় ফুটবলের মর্যাদা। নাহ্, ফুটবল তার রক্তে ছিল না। বাবা সাধারণ শ্রমিক, খেটে খাওয়া মানুষ। মাজোলার যখন ১০ বছর বয়স, চাকরি্ হারান তিনি। মাজোলার স্বপ্নে ফুটবল থাকলেও ছেলের আহলাদ মেটাতে পরিবারের কয়টি প্রাণীকে উপোস রাখার ঝুঁকি নেওয়ার মতো মানুষ তিনি ছিলেন না।
তাতে অবশ্য মাজোলার ইচ্ছের চোরাস্রোত থামেনি। পথে পরে থাকা টিনের কৌটোগুলো আছে না! কারখানায় যাওয়া-আসার পথে সেগুলো দিয়েই চলত ফুটবলের রেওয়াজ। মাজোলার সেই সাধনা এতটাই মনমুগ্ধকর ছিল যে দাঁড়িয়ে দেখত ছোট-বড় সকলে। মাজোলা এগিয়ে যেত 'টিনের বল'-এ টুং-টাং, টিং-টাং শব্দ তুলে।
রবিশংকর ছোটবেলা থেকেই ছিলেন সেতারের মনোযোগী ছাত্র। ফুটবলে মাজোলাও যেন তাই। টিনের কৌটা নিয়ে তার অধ্যাবসায় দেখে পাড়ার লোকেরা নাম দেয় 'তুলেন'। ইংরেজি অর্থ 'টিনস্মিথ', বাংলায় টিন দিয়ে নানা জিনিস গড়ার কর্মকার। টিনের কর্মকার যেমন কোনো জিনিস গড়ার সময় মিহি ও মোটা টিং-টং শব্দের সুর তোলেন, মাজোলার টিনের বলে ফুটবল অধ্যাবসায়েও তৈরি হতো সে রকম সুর।
টিনের বলের ফুটবলার সত্যিকারের ফুটবলে সুর তুলতে শুরু করেন ১৪ বছর বয়সে। জন্মস্থান কাসানো ডি আদ্দার কাছাকাছি ক্লাব ত্রেসোলদিতে হাতেখড়ি, ১৯৩৪ সালে। দুবছর পর ওই ক্লাবের হয়েই পেশাদার ফুটবলে আবির্ভাব। পেশাদার ফুটবল আর কী, প্রতিটি ম্যাচ খেলার জন্য ১০ লিরা।

তবে ত্রেসোলদির ম্যাচপ্রতি ১০ লিরার ফুটবলারটিকে দেখে খুব মনে ধরেছিল আলফা রোমেও নামে এক কোম্পানির দলের স্কাউটের। তিনি মাজোলাকে ফুটবলার হিসেবে নেওয়ার সঙ্গে কোম্পানিতে মেকানিকের চাকরিরও প্রস্তাব দেন। মাজোলা যেন হাতে পূর্ণিমার চাঁদ পেলেন! ফুটবল খেলে সংসারের অভাব মোচন, এ তো স্বপ্নপূরণের মোড়কে দায়িত্ব পালন।
কিন্তু আলফা রোমেওতে এক বছর যেতে না যেতেই মাজোলার মাথায় আকাশ ভেঙে পড়ে। ট্রাকের তলে চাপা পড়ে মারা যান বাবা। পরিবার ও জীবন নিয়ে চাপ বাড়ল মাজোলার ওপর। কিন্তু ফুটবল ছাড়া মাজোলা তো কিছু জানেন না! এমন সময় তাঁর হাতে ধরা দেয় আরও বেশি রোজগারের পথ। মাজোলাকে পেতে আলফা রোমেওর দ্বারে হাজির আরও বড় ক্লাব ভেনেজিয়া। রোমেওতে এক বছর খেলে ভেনেজিয়ায় নাম লেখান মাজোলা। সেখানে খেলার সময়ই ইতালির নীল জার্সির গায়ে পরার স্বপ্নটা দেখতে শুরু করেন।
সেই স্বপ্ন যে তাঁর খুব দ্রুতই পূরণ হবে তা কি তখনো বিশ্বাস করতে পেরেছিলেন মাজোলা! ভেনেজিয়ায় এক বছর খেলে নাম লেখান তুরিনোতে। সেখানে ঘটল পূর্ণ বিকাশ। তুরিনোতে বছর ঘুরতে না ঘুরতেই পেয়ে যান নেতৃত্ব। ডাক আসে ইতালির জাতীয় দল থেকে।ইতালি দলের নেতৃত্বও খুব দ্রুতই চলে আসে তাঁর হাতে।
এর মধ্যে একটা কথা ইতালিয়ান ফুটবলে ছড়িয়ে পড়ে—ভ্যালেন্টিনো মাজোলা যে দলেই যান, শিরোপা-ভাগ্য তাঁর পিছু পিছু ধায়! ভেনেজিয়ায় এক বছরে জেতেন ইতালিয়ান কাপ। তুরিনোয় সাত বছরে টানা পাঁচ সিরি 'আ'। এমন কীর্তি ইতালির ফুটবলে তুরিনোর আগে গড়তে পারেনি কোনো দল।

আসলে ভাগ্য মাজোলার পিছু নেয়নি, ভাগ্য তিনি নিজ হাতে (পড়ুন পায়ে-মাথায়) গড়েছেন। ছোট্ট বেলার সেই 'টিনের কর্মকারের' পায়ে কারুকাজ ছিল অসাধারণ। যেমনি নিখুঁত তেমনি সৃজনশীল। পরিশ্রম, কষ্ট আর সহিষ্ণুতা তো সেই ছোটবেলা থেকেই তাঁর সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে। সে সময়ে মাঠে তাঁর চেয়ে বেশি আর কেউ দৌড়াতেন না। প্রতিপক্ষের 'মার'ও তাঁর চেয়ে বেশি কেউ খায়নি।
টিভি সম্প্রচারের আধুনিক যুগে ডিয়েগো ম্যারাডোনার মার খাওয়া অনেকেই দেখেছেন। মাজোলা তাঁর ক্যারিয়ারে যে পরিমান মার খেয়েছেন তা দেখলে চোখের জল ফেলতেন অনেকে। সে সময়কার ভারি বল আর ডিফেন্ডারদের বিধ্বংসী ট্যাকলের মধ্যেও হেডে গোল করার কথা ভাবতে পেরেছিলেন মাজোলা। যেটা তাঁর সময়কার ফুটবলারদের মধ্যে দেখা যেত কালেভদ্রে।
খেলতে পারতেন যে কোনো পজিশনে। প্রিয় জায়গা ছিল মাঝমাঠ। তুরিনোর কোচ তাঁকে সেখানেই খেলাতেন। প্রয়োজনে নিচে নেমে প্রতিপক্ষের ফরোয়ার্ডদের পা থেকে বল কেড়ে নিতেও জুড়ি ছিল না তাঁর। নিজেদের সীমানায় প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে চকিতে আবার চলে যেতেন আক্রমণে।
ফুটবলবিশ্বে সবাই বলে থাকেন—টোটাল ফুটবলের জনক রাইনাস মিশেল ও ইয়োহান ক্রুইফ, আর আঁতুরঘর ডাচ ক্লাব আয়াক্স। মাজোলার প্রাণটা অকালে ঝরে না পড়লে ধারণাটা অন্য রকম হতে পারত। তুরিনোয় সাত বছর তো ওই খেলাটাই খেলেছেন। অনেকের কাছেই তিনি ইতালির সর্বকালের সেরা সৃজনশীল ফুটবলার। কারও কারও কাছে আবার শুধু সৃজনশীল নন, ইতালির ইতিহাসেই সেরা!
ইতালির সাবেক ফুটবলার আমেদেও আমেদেই একবার বলেছিলেন, 'মাজোলার মতো নিখুঁত আর সম্পূর্ণ ফুটবলার ইতালিতে তার আগে আসেনি, এখনো নেই।' মাজোলার এক তুরিনো সতীর্থ মারিও রিগামোন্তি বলেছিলেন, 'সে একা দলের অর্ধেক। আর আমরা সবাই মিলে বাকি অর্ধেক।' কিন্তু মাজোলা ছিলেন বেশ বিনয়ী। রিগামোন্তির কথা উড়িয়ে দিয়ে তিনি সব সময়ই বলতেন, 'ফুটবল ১১ জনের খেলা। সব সময় সেটাই থাকবে।'
মাঠের বাইরে বিনয়ী হলেও মাঠে কিন্তু মোটেই তেমন ছিলেন না মাজোলা। সেখানে তিনি নিজের আগুনে প্রতিপক্ষকে পুড়িয়ে মারতে চাইতেন। এমন অনেক ম্যাচ গেছে প্রথমার্ধ শেষে তুরিনো হারের পথে। এক, দুই বা তিন গোলে পিছিয়ে আছে দল। এমন সব সময়ে তাঁর একটি আচরণ ট্রেডমার্ক হয়ে গিয়েছিল—মাঠের মাঝখানে বসে জার্সির হাতা গোটাতেন!
এই হাতা গোটানোর মানে ছিল একটাই—আমি আগুন ঝরাতে যাচ্ছি, ম্যাচটা আমরা জিতবই! তিনি এমন করলে সতীর্থরাও নাকি বুঝে যেতেন তাঁদের কী করতে হবে—আগুনে ঘি ঢালতে হবে। এভাবে বহু ম্যাচে হারের দোড়গোড়া থেকে দলকে জিতিয়েছেন মাজোলা।

হার না থাকলেও মাজোলার অভিধানে ছিল ভয় শব্দটি। একটাই ভয় ছিল তাঁর—হয়তো মারা যাবেন কোনো অপঘাতে বা দুর্ঘটনায়। এই ভয়কে আর জয় করতে পারেনি। ১৯৪৯ সালে পর্তুগালের ক্লাব বেনফিকার সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলে ফেরার সময় তুরিনের কাছে সুপারগায় বিধ্বস্ত হয় দলের খেলোয়াড়দের বহনকারী উড়োজাহাজ। সেই দিনটি ছিল ৪ মে, মানে আজ।
জানা নেই, দুর্ঘটনার সময় জীবনযুদ্ধে হার এড়াতে হাতা গুটিয়েছিলেন কি না মাজোলা। তবে মৃত্যুর কাছে হার এড়াতে পারেননি এটাই বাস্তবতা। নিজের মনের মধ্যে পুষে রাখা অজানা এক ভয়কে জয় করতে পারেনি ছোটবেলার সেই টিনের কর্মকার। মাত্র ৩০ বছর বয়সেই থেমে যায় প্রাণের সঞ্চালন।
মাজোলার স্বপ্ন ছিল ইতালির নীল জার্সিতে (১৯৪২-১৯৪৯) বিশ্বকাপ খেলবেন। যে শিরোপা-ভাগ্য তাঁর পিছু নিয়েছিল ভেনেজিয়া থেকে, সেটা আসবে প্রথম খেলতে নামা বিশ্বকাপেও। পরের বছরেই তো ইতালিকে নেতৃত্ব দিতেন বিশ্বকাপে। কিন্তু সে ভাগ্য আর হলো কই মাজোলা বা ইতালির! ইতালিয়ানদের কাছে ছোট্ট সেই টিনের কর্মকার রয়ে গেলেন নীল বেদনা হয়ে, এ তো মাজোলারই শৈশব-কৈশোরের রং।