নেইমার, আবেগ নিয়ন্ত্রণ করো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলিম্পিকে এই নেইমারকেই দেখতে চায় ব্রাজিল। ছবি: এএফপি।
অলিম্পিকে এই নেইমারকেই দেখতে চায় ব্রাজিল। ছবি: এএফপি।

ব্রাজিলের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক টুর্নামেন্টের স্মৃতিটা নেইমারের মনে আছে? ২০১৫ কোপা আমেরিকা, গ্রুপ পর্বে প্রতিপক্ষ কলম্বিয়া। মাত্রই ১-০ গোলে ম্যাচটা হেরেছে ব্রাজিল। পুরো ম্যাচেই কলম্বিয়ান ডিফেন্ডারদের ধাক্কাধাক্কির শিকার নেইমার ম্যাচ শেষে বলে জোরে লাথি মারলেন, সেটি গিয়ে পড়ল কলম্বিয়ার পাবলো আরমেরোর গায়ে। কলম্বিয়ার জেসন মুরিয়ো কিছু বলতে এসেছিলেন, তাঁকেও মাথা দিয়ে দিলেন ধাক্কা। ফল? লাল কার্ড, সঙ্গে চার ম্যাচের নিষেধাজ্ঞা। নেইমারহীন ব্রাজিল পরে বাদ পড়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে।

নেইমারের মনে আছে কি না কে জানে, তবে ঘটনাটার কথা এখনো ভোলেননি সাবেক ব্রাজিল মিডফিল্ডার জুনিনহো। দুয়ারে অলিম্পিক, তাতে এখনো সোনার আক্ষেপ ঘোচেনি ব্রাজিলের। ঘরের মাটির অলিম্পিকে সেটি ঘোচানোর স্বপ্ন দেখছে সেলেসাওরা। স্বাভাবিকভাবেই সেই স্বপ্নের সারথি নেইমার। ব্রাজিল অধিনায়ককে তাই এবার একটু বাড়তি সতর্ক থাকতে বলছেন জুনিনহো। নেইমারের প্রতি তাঁর অনুরোধ, ‘মেজাজটা একটু সামলাও বাপু!’

১৯৯৬ অলিম্পিকে ব্রাজিলকে ব্রোঞ্জ এনে দেওয়া জুনিনহো অমনিস্পোর্টকে বলেছেন, ‘ওকে (নেইমার) আবেগের ওপর একটু বাড়তি নিয়ন্ত্রণ রাখতে হবে। কারণ, ও জানে সেলেসাও দলে ওর গুরুত্ব কতটা।’ বাকিরাও যে জেনে গেছে, নেইমার একটুতেই মাথা গরম করেন কখনো কখনো। সেটার চড়া মাশুল গুনতে হয়।

নেইমারকে এভাবে দেখতে চায় না। ফাইল ছবি।
নেইমারকে এভাবে দেখতে চায় না। ফাইল ছবি।



বিশ্ব ফুটবলে সব শিরোপা জিতে নেওয়া ব্রাজিলের এখনো এই একটিই হাহাকার, অলিম্পিক সোনা। হাহাকার ভুলতে রিও অলিম্পিকে এবার আটঘাট বেঁধেই নামছে রোজেরিও মিকালের দল। গ্যাব্রিয়েল বারবোসা, গ্যাব্রিয়েল জেসুস, ফেলিপে অ্যান্ডারসনদের মতো প্রতিশ্রুতিশীল তারকাদের নিয়ে দলটা হয়েছেও দুর্দান্ত। তবে অন্য যে-ই থাকুন, প্রাণভোমরা তো নেইমারই। অলিম্পিকে খেলবেন বলে গত জুনের শতবার্ষিকী কোপা আমেরিকায় ছিলেন না। বার্সেলোনা ফরোয়ার্ডের দিকে তাকিয়ে আছে পুরো ব্রাজিলই।

কতটা প্রত্যাশা নেইমারকে ঘিরে, জুনিনহোর মুখেই শুনুন, ‘নেইমার অন্য সবার চেয়ে আলাদা। অনন্য। ওর পায়ে বল গেলেই সবাই গোলের আশায় থাকে। জাতীয় দলে ও-ই পার্থক্য গড়ে দেওয়ার মতো খেলোয়াড়।’ কিন্তু প্রত্যাশা মেটাতে গেলে ২০১৫ কোপার মতো কিছু যেন না হয়, উত্তরসূরিকে সেদিকেও খেয়াল রাখতে বলছেন জুনিনহো, ‘আবেগকে বাঁধ দিতে হবে ওর। আমার বিশ্বাস, ওর ওপর ভর করে ২০১৬ অলিম্পিক জিততে পারে ব্রাজিল। অসাধারণ সব খেলোয়াড় আছে ব্রাজিল দলে, ওরাই জয়ের স্বপ্নটা পূরণ করতে পারে।’


ফুটবল পায়ে তিনি জাদু ছড়াবেন, এ নিয়ে সংশয় কমই। কিন্তু পা থেকে একটু ওপরে, মস্তিষ্কে-মেজাজে নিয়ন্ত্রণটা ধরে রাখতে পারবেন নেইমার? অতীত বলে, ব্রাজিলের সেটিও খুব বেশি দরকার।