নেইমার আসলেই অন্য রকম

স্পোর্টিং গিজনের বিপক্ষে বার্সেলোনার শনিবারের ম্যাচটার দ্বিতীয়ার্ধ শুরু হচ্ছে তখন। টানেল থেকে বেরিয়ে মাঠে যাওয়ার সময় নেইমারকে কে যেন ডাকলেন। ফিরে তাকিয়ে নেইমার দেখলেন এক গিজন সমর্থক। হয়তো হাত মেলাতে চাইছিলেন, নেইমার ততক্ষণে বেশ এগিয়ে গেছেন। ইশারাতেই জিজ্ঞেস করলেন সেই সমর্থককে, কী চাই? সার্জিও গঞ্জালেস নামের শারীরিক প্রতিবন্ধী সেই গিজন সমর্থকও ইশারায় জানালেন, নেইমারের সঙ্গে জার্সি বদল করতে চান। নেইমারও ইতিবাচক হাসি দিলেন। এমন কত ভক্তই তো কত কিছু চায় তারকা খেলোয়াড়দের কাছে। সব মনে রাখার সময় কোথায় তাঁদের! কিন্তু নেইমার মনে রাখলেন। ৫-০ গোলে ম্যাচটা জেতার পর টানেল দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ডাকলেন সেই গিজন সমর্থককে। তাঁর সঙ্গে জার্সি বদল করলেন। গঞ্জালেসের আনন্দ তখন দেখে কে! আনন্দে কেঁদেই দিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পরে বলেছেন, নেইমারের এই উদারতা তিনি সারা জীবন ভুলবেন না। ফক্স স্পোর্টস।