নেইমার ইউনাইটেডে যেতে আগ্রহী ছিলেন?

নেইমারকে ম্যানচেস্টার ইউনাইটেডে নিতে চেয়েছিলেন লুইস ফন গাল।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি মাত্র দুবছরই ছিলেন, ২০১৪ থেকে ২০১৬। খুব বেশি কিছু জিততে পারেননি। সাফল্য বলতে ২০১৫-১৬ মৌসুমে একটি এফএ কাপ শিরোপাই। তবে ইউনাইটেডে লুই ফন গাল জিততে চেয়েছিলেন অনেক কিছুই। এর জন্য ডাচ কোচ ওল্ড ট্রাফোর্ড বসাতে চেয়েছিলেন তারার মেলা। গড়তে চেয়েছিলেন ‘গ্যালাকটিকো’! অনেকটা এ শতকের শুরুতে জিদান, ফিগো, রোনালদো, রাবার্তো কার্লোস, বেকহামদের তারকায় ঠাসা রিয়াল মাদ্রিদের মতো।

‘ইউনাইটেডের কোচ হলে আপনার ভাবনাটা প্রশস্ত হতে হবে। নেইমারও ইউনাইটেডে আসতে আগ্রহী ছিল।’
লুই ফন গাল, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ

ফন গাল চেয়েছিলেন ইউনাইটেডে তাঁর একাদশ থাকবে তারা ঝলমল। নেইমার, রবার্ট লেভানডফস্কি, সার্জিও রামোস...কে ছিলেন না তাঁর চাহিদার তালিকায়! ডেভিড ময়েস বরখাস্ত হওয়ার পর ইউনাইটেডের দায়িত্ব নিয়েছিলেন ফন গাল। ২০১৪ বিশ্বকাপে হল্যান্ডকে তৃতীয় করতে পারলেও ইউনাইটেডে এসে বলার মতো কোনো সাফল্যই পানননি। সাফল্য না পাওয়ার দায় অবশ্য নিতে চান না ফন গাল। আর নেবেন-ই বা কেন, তাঁকে যে তাঁর চাহিদা অনুযায়ী খেলোয়াড়ই এনে দেয়নি ম্যানচেস্টার ইউনাইটেড।

লেভাকেও নিতে চেয়েছিলেন ফন গাল।
ছবি: রয়টার্স

সম্প্রতি ‘ফোরফোরটু’ সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে ফন গাল বলেছেন, ‘আমি রবার্ট লেভানডফস্কিকে আনতে চেয়েছিলাম। তাকে পাওয়াটা যখন কঠিন হয়ে গেল তখন গঞ্জালো হিগুয়েইনকে চেয়েছিলাম।’ ২০১৪ সালে দায়িত্ব নেওয়ার আগেই দলটা গোছাতে চেষ্টা করেছিলেন ফন গাল। কোন কোন খেলোয়াড়কে তিনি ওল্ড ট্রাফোর্ডে আনতে চান সে বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও করেছিলেন ফন গাল, ‘আমি ইউনাইটেডে যাওয়ার আগেই ক্লাবের বোর্ডের সঙ্গে নেইমারকে পাওয়ার ব্যাপারে আলোচনা করেছিলাম। ইউনাইটেডের কোচ হলে আপনার ভাবনাটা প্রশস্ত হতে হবে। নেইমারও ইউনাইটেডে আসতে আগ্রহী ছিল।’

বড় তারকা তো ইউনাইটেডে নিতে চেয়েছিলেনই, একই সঙ্গে তারকাখ্যাতি নেই কিন্তু কার্যকরী, এমন খেলোয়াড়ও চেয়েছিলেন ফন গাল, ‘আমি আসলে গতিময় উইঙ্গার নিতে চেয়েছিলাম। এই কারণে সাদিও মানে ও রিয়াদ মাহরেজকে পাওয়ার চেষ্টা করেছিলাম। আমার চাহিদার তালিকায় টমাস মুলারও ছিল। মাঝমাঠে আমি এন’গোলো কান্তেকেও চেয়েছিলাম। এমনকি আমি জেমস মিলনারের সঙ্গেও চুক্তি করতে চেয়েছিলাম।’

ফন গালের ছিল ‘গ্যালাকটিকো’র স্বপ্ন।
ফাইল ছবি, এএফপি

নেইমার, মানে, লেভানডফস্কি, হিগুয়েইনরা এক ধরনের খেলোয়াড় আর মিলনার অন্য ধরনের। এত এত তারকার ভিড়ে মিলনারকে কেন চেয়েছিলেন ফন গাল? সেই উত্তরও দিয়েছেন ডাচ কোচ, ‘মিলনারের সেই সময়ই অনেক বয়স হয়ে গিয়েছিল। এরপরও আমি তাকে চেয়েছিলাম। কারণ সে একই সঙ্গে কয়েকটি পজিশনে খেলতে পারত। তা ছাড়া তার নেতৃত্বগুণও ছিল বেশ ভালো।’

আক্রমণ ও মাঝমাঠের কথা তো জানা গেল। কিন্তু রক্ষণে কোন কোন তারকাকে চেয়েছিলেন ফন গাল? ফোরফোরটুকে তাঁর উত্তর, ‘রক্ষণে আমি সার্জিও রামোসকে আনতে চেয়েছিলাম। এ ছাড়া ম্যাটস হ্যামেলকেও চেয়েছিলাম। কারণ ওই সময়টাতে আমাদের রক্ষণটা খুব একটা ভালো ছিল না।’

ইউনাইটেডে তারকাপুঞ্জি গড়তে চেয়েও পারেননি ফন গাল। তাঁর সময়ে ইউনাইটেডে সবচেয়ে বড় চুক্তিটি ছিল অ্যাঙ্গেল ডি মারিয়া। রিয়াল মাদ্রিদ থেকে ২০১৪ সালে তাঁকে পেতে ৬ কোটি ইউরোর বেশি খরচ করেছিল দলটি।