নেইমার এক ম্যাচ নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্তত এক ম্যাচ যে নিষিদ্ধ হবেন এটা অনুমিতই ছিল। পরশু ম্যাচ শেষে কলম্বিয়ার পাবলো আরমেরোর দিকে তাক করে বলে লাথি মেরেছেন, পরে জেসন মুরিল্লোকে ঢুস দিতে গিয়েছিলেন। এ তে ম্যাচ শেষ হওয়ার পরের ঘটনা। ম্যাচ চলাকালে দেখেছেন হলুদ কার্ড, টুর্নামেন্টে দ্বিতীয়। নিয়মানুযায়ী দুটি হলুদ কার্ডের শাস্তি এক ম্যাচের নিষেধাজ্ঞা। এরপর ওই অখেলোয়াড়োচিত আচরণ। সব মিলিয়ে শাস্তি তো আরও বড়ই হতে পারত নেইমারের। পরশু কোপা আমেরিকার শৃঙ্খলা কমিটি শুরুতে নেইমারকে দুই ম্যাচের নিষেধাজ্ঞাই দিয়েছিল। তবে এক ঘণ্টা পরই সেটি থেকে সরে এসে ঘোষণা করেছে এক ম্যাচের নিষেধাজ্ঞা। এটিও চূড়ান্ত নয়, কালই রিভিউ কমিটির বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কথা ছিল।
ওই ম্যাচে তেড়ে এসে নেইমারকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন কলম্বিয়ার কার্লোস বাক্কা। তাঁকেও দেখতে হয়েছে লাল কার্ড, তাঁরও নিষেধাজ্ঞা এক ম্যাচের জন্য। তার মানে আগামীকাল গ্রুপের শেষ ম্যাচে নামতে পারছেন না কেউই। নিজেদের শেষ গ্রুপ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ভেনেজুয়েলা, কলম্বিয়ার প্রতিপক্ষ পেরু। গতকাল ভেনেজুয়েলা-পেরু ম্যাচের পর আক্ষরিক অর্থেই গ্রুপটা এখন মৃত্যুকূপ। ১০ জনের ভেনেজুয়েলা শেষ পর্যন্ত ক্লদিও পিজারোর ৭২ মিনিটের গোলে হেরে গেছে পেরুর কাছে। গ্রুপের চার দলই দুটি করে ম্যাচ খেলেছে, সবার পয়েন্ট ৩। এমনকি গোল ব্যবধানও একই!
বার্সেলোনার সঙ্গে চুক্তি নিয়ে মামলার ঝামেলা আছে, মাঠে শৃঙ্খলাগত কারণে পেলেন নিষেধাজ্ঞা—নেইমারের সময়টা ভালো যাচ্ছে না। তাঁকে সইতে হচ্ছে পূর্বসূরিদের সমালোচনাও। তাঁর তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের নায়ক রোনালদো, ‘ও যেটা করেছে সেটাকে কোনোভাবেই বৈধতা দেওয়া যায় না। তার মনোভাব একটু বেশিই আক্রমণাত্মক লাগছে, যেটা হচ্ছে সেটা মেনে নিতে পারছে না। ব্রাজিলের জার্সি পরে এটা আপনি করতে পারেন না।’ এএফপি, রয়টার্স।