নেইমার একদিন রিয়ালে খেলবেনই, বললেন রিভালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের সাবেক মিডফিল্ডার রিভালদো। ছবি: টুইটার
ব্রাজিলের সাবেক মিডফিল্ডার রিভালদো। ছবি: টুইটার
>নেইমার একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে ক্যারিয়ার শেষ করবে বলে মনে করেন ব্রাজিলের সাবেক মিডফিল্ডার রিভালদো

গুঞ্জনের শুরু গত বছর থেকে। নেইমার নাকি রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন! অবশ্য তা গুঞ্জন পর্যন্তই থেকেছে, যেমন নেইমারও থেকে গেছেন পিএসজিতে। রিভালদো কিন্তু তারপরও আশাবাদী। এখন না হলেও নেইমার একদিন রিয়ালে খেলবেন বলেই মনে করেন ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার।

বার্সেলোনা ছেড়ে গত বছর পিএসজিতে যোগ দেন নেইমার। ট্রান্সফার ফি-র বিশ্ব রেকর্ড গড়ে তাঁকে কিনেছিল ফরাসি ক্লাবটি। সংবাদমাধ্যমে এরপরই গুঞ্জন ওঠে ব্রাজিলিয়ান এই তারকা পিএসজিতে যোগ দিয়ে অনুশোচনা-দগ্ধ। তিনি নাকি রিয়ালে যোগ দিতে চান। মাদ্রিদের ক্লাবটিও নেইমারকে কেনার চেষ্টা করেছে। কিন্তু তাঁদের প্রচেষ্টা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। আর নেইমারও রাশিয়ার বিশ্বকাপের পর নতুন করে আনুগত্য প্রকাশ করেন পিএসজির প্রতি। আপাতত তিনি ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গেই থাকতে চান।

এদিকে রিয়ালও যে চলতি দলবদলের বাজারে আর নেইমারের পিছু ছুটবে না তা আগেই নিশ্চিত করেছে। অর্থাৎ আগামী মৌসুমে অন্তত নেইমার পিএসজিতেই থাকছেন। কিন্তু রিভালদো একদিন তাঁকে রিয়ালে দেখতে আশাবাদী। ২০০২ বিশ্বকাপজয়ী সাবেক এই ফুটবলার এক সাক্ষাৎকারে বলেন, ‘এই মুহূর্তে নেইমার পিএসজিতেই থাকবে। কিন্তু যত কথা শুনেছি, আমার মনে হয় সে একদিন রিয়ালের হয়েই ক্যারিয়ার শেষ করবে।’

রিভালদো নতুন মৌসুমে নেইমারকে পিএসজিতে দেখলেও দলবদলের বাজার নিয়ে তিনি ঠিক নিশ্চিত নন। কখন কী ঘটে যায়! নেইমারের ক্ষেত্রেও সম্ভাবনাটা উড়িয়ে দিচ্ছেন না তিনি, ‘এটা স্পষ্টত যে নেইমার এক বছর পিএসজিতেই থাকছে। কিন্তু দলবদলের বাজারটা এমন যে আগামীকাল কী ঘটবে তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। তাই দলবদলের বাজারের পর্দা না নামা পর্যন্ত যে কোনো কিছুই সম্ভব।’