নেইমার একা কী করবেন?
একাই লড়ে গেলেন যেন। দলের সব আক্রমণ তাঁর পা হয়েই আছড়ে পড়ছিল আর্জেন্টিনার ডি-বক্সে। কিন্তু শেষ পর্যন্ত জয় হয়েছে আর্জেন্টাইন খেলোয়াড়দের দৃঢ়প্রতিজ্ঞার। সংকল্পে অটুট আর্জেন্টিনা কোনোভাবেই আজ গোল খেতে চায়নি। তাই নেইমারের একের পর এক আক্রমণও শেষ পর্যন্ত নিষ্ফলা থেকে গেছে।
এবার লিওনেল মেসি প্রসঙ্গে আসা যাক। চার-চারটা ফাইনাল হেরেছেন দলের হয়ে, পঞ্চমবার এসে মুখে হাসি ফুটেছে। আর্জেন্টিনা যখন বারবার ব্যর্থ হতো, মেসিকে নিয়েই সবচেয়ে বেশি কথা হতো।
সতীর্থরা নিষ্প্রভ থাকলেও, মেসি প্রায় সময় একাই টানতেন দলকে। কিন্তু শেষ পর্যন্ত দল যদি শিরোপা না জেতে, এক একজনের ভালো খেলাটা মূল্যহীন হয়ে যায়। মেসির ভালো পারফরম্যান্স দেখেও তাই আর্জেন্টাইন সমর্থকদের দীর্ঘশ্বাস বাড়ত—‘মেসি একা কী করবে?’
নেইমার আজ যা খেললেন, তাতে ব্রাজিল সমর্থকদেরও এই দীর্ঘশ্বাস বের হতে পারে। ৯০ মিনিট নেইমার একাই আক্রমণ করে গেলেন যেন। মাঝেমধ্যে রিচার্লিসন একটু সঙ্গ দিয়েছেন, ব্যস, ওইটুকুই। এভারটন সোয়ারেস, রবের্তো ফিরমিনো, গাব্রিয়েল বারবোসা-আক্রমণভাগের বাকি সবাই ছিলেন নিষ্প্রভ।
আর্জেন্টিনাও বুঝেছিল, নেইমারকে আটকাতে পারলেই অনেকটা কাজ হয়ে যাবে। আটকে যাবে ব্রাজিল। যোগ করা সময় মিলিয়ে ৯৫ মিনিট ধরে নেইমারকে আটকানোর জন্য তাই চেষ্টা করে গিয়েছেন রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, গিদো রদ্রিগেজ, জোভান্নি লো সেলসোরা।
একের পর এক ট্যাকল করেছেন, ফাউল করেছেন। নেইমার ব্যথায় কাতর হয়েও পরের মুহূর্তেই দলের কথা ভেবে উঠে গেছেন আবার। বলে ৮৪টা স্পর্শ সে কথাই বলে। মাঠে আর কেউ বলে এত বেশি স্পর্শ করেননি, এমনকি মেসিও নন।
৪১টা পাস দিতে গিয়ে সফল হয়েছেন ৩৪ বার, অর্থাৎ ৮২ দশমিক ৯ শতাংশ সফল পাস দিয়েছেন। ১৫ বার ড্রিবল করতে গিয়ে সফল হয়েছেন ৯ বার, যা দুই দলের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ। মেসি সফল ড্রিবল করেছেন মাত্র একবার। গুরুত্বপূর্ণ পাস দিয়েছেন চারবার, এটাও সর্বোচ্চ। মেসি দিয়েছেন তার অর্ধেক। ১৬ বার ডুয়েলে জিতেছেন, ৫ বার ফাউল করা হয়েছে তাঁকে। এত বেশিবার ফাউল আর কাউকে করা হয়নি। যেখানে মেসি মাত্র একবার ফাউলের শিকার হয়েছেন।
এসব তথ্য দেখে ব্রাজিল সমর্থকদের দীর্ঘশ্বাস বের হওয়াটাই স্বাভাবিক যে ‘হায়! এমন যদি কেউ থাকত যে নেইমারের খেলা বুঝে এসব সুযোগকে কাজে লাগাতে পারত!’ তাহলে হয়তো ব্রাজিলের গোলের খাতায় আজ বড়সড় শূন্যটা জ্বলজ্বল করত না।
নেইমার একা কী করবেন—সে প্রশ্নটাও উঠত না হয়তো!