নেইমার-এমবাপ্পেকে নিয়ে মজা করে চাকরি হারালেন কোচ
ঘরোয়া ফুটবলে রাজত্ব কায়েম হয়ে গেছে, ইউরোপেও সাফল্য পেতে চায় পিএসজি। আর সে আশাতেই তো একই দলবদলে ৪০ কোটি ইউরো খরচ করে নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেকে কিনে এনেছে তারা। কয়েক দিন পরপরই এ দুজনের সঙ্গে অন্য কোনো ক্লাবের নাম জড়িয়ে গুঞ্জন ওঠে। মেসি-রোনালদোর পর ফুটবলের সবচেয়ে বড় দুই তারকা বলে কথা। এ দুই মহাতারকাকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে ক্লাবটি।
বড় তারকা মানেই তাদের অহমবোধও বেশি। এমন তারকাদের সামলাতে একটু সতর্ক থাকতে হয় কোচদের। পিএসজি কোচ টমাস টুখেল একটু মজা করেই বলেছিলেন, এ দুজনের কারণে নিজেকে আর কোচ মনে হয় না। বরং একজন রাজনীতিবিদ মনে হয়। মজা করেই বলা হলেও সেরা দুই তারকা নিয়ে এমন কথাবার্তা সহ্য হয়নি কাতারের মালিকানাধীন ক্লাবটির। জার্মানি ও ফ্রান্সের বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছে, টমাস টুখেলকে তাই গতকাল ছাঁটাই করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।
গতকালই লিগে ম্যাচ ছিল পিএসজির। চোটের কারণে এ বছর আর নেইমার থাকছেন না মাঠে। তাতেও বড় জয় পেতে সমস্যা হয়নি পিএসজির। নিজেদের মাঠে কাল স্ত্রাসবুর্গকে ৪-০ গোলে হারিয়েছেন এমবাপ্পে-দি মারিয়ারা। সংবাদমাধ্যমের দাবি, এমন জয়েও মন গলেনি পিএসজির হর্তাকর্তাদের। ম্যাচের পরই টুখেলকে ছাঁটাইয়ের কথা জানানো হয়েছে। এখন জার্মান কোচের আইনজীবীদের সঙ্গে আলোচনা করছে ক্লাব। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ছাঁটাই করায় ক্ষতিপূরণের অঙ্কটা ঠিক করতে বসছে দুই পক্ষ। সেটা নির্ধারণ হলেই নাকি আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে এ খবর।
দলবদলের বাজারের নির্ভরযোগ্য উৎস ফাব্রিজিও রোমানো টুইট করে নিশ্চিত করেছেন টুখেলের ছাঁটাইয়ের খবর। এ ছাড়া ফ্রেঞ্চ ফুটবলের জন্য নির্ভরযোগ্য সূত্র মোহামেদ বুহাফসিও জানিয়ে দিয়েছেন, গতকালই ছাঁটাইয়ের খবর জানিয়ে দেওয়া হয়েছে টুখেলকে। জার্মান পত্রিকা বিল্ডও জানিয়ে দিয়েছে ৪৭ বছর বয়সী টুখেলের ছাঁটাইয়ের খবর।
গতকাল ম্যাচের আগেই টুখেলের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে। স্পোর্টস ওয়ানের সঙ্গে কথোপকথনে টুখেল নাকি বলেছিলেন, নেইমার ও এমবাপ্পের মতো খেলোয়াড়কে সামলানো খুব কঠিন। এমন দুজনকে খুশি রাখা খুব কঠিন। এটাও বলেছেন, নিজেকে ইদানীং কোচের চেয়ে ক্রীড়া রাজনীতিবিদ বা ক্রীড়ামন্ত্রী মনে হয়। গত মৌসুমে নাকি কোচিংয়ের মজাও হারিয়ে ফেলেছিলেন। স্বভাবতই এমন কথা ভালো ঠেকেনি পিএসজির।
গতকাল ম্যাচ শেষে টুখেল অবশ্য দাবি করেছেন তাঁর কথার ভুল অনুবাদ করা হয়েছে। কানালপ্লুসকে বলেছে, ‘আমি বলিনি যে খেলার চেয়ে রাজনীতি বেশি মনে হয় বা আমি অনুশীলনের মজা হারিয়েছি। ওরা সম্ভবত ভুল অনুবাদ করেছে। আবার ভিডিও সাক্ষাৎকারটা দেখুন। আমি বলেছি পিএসজি অনন্য এবং আমার জন্য বেশ বড় চ্যালেঞ্জ। এটা সব সময়ই তাই ছিল। আমি এ চ্যালেঞ্জ পছন্দ করি এবং কোনো কিছুই বদলায়নি।’
স্পোর্টস ওয়ানের সাংবাদিক নাকি তাঁকে ফাঁদে ফেলেছেন, এমনটাই বলেছেন টুখেল, ‘আমি এক সাংবাদিকের কাছে ভিডিও সাক্ষাৎকার দিয়েছি। সে বলেছিল জার্মান কোচ নিয়ে একটা প্রতিবেদন করা হবে। আমি তাঁর ব্যবহারের জন্য সাক্ষাৎকার দিইনি। এটার অনুমতি নেই, আমি জার্মান ভাষায় একটা রসিকতা করেছি। অনুবাদটা ঠিক হয়নি। আপনি তো আক্ষরিক অনুবাদ করতে পারেন না। আমরা কথা বলতে বলতে রসিকতা করছিলাম এবং এটা বেআইনি (ছাপানো)।’