নেইমার-এমবাপ্পের সঙ্গে খেলা মেসির কাছে ‘মাথা খারাপ করে দেওয়া’

মেসি, নেইমার, এমবাপ্পে - এই আক্রমণত্রয়ীই কি এবার ইউরোপ মাতাবে?ছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি। নেইমার। লুইস সুয়ারেজ। বার্সেলোনার ‘এমএসএন’ ত্রয়ী ভেঙে গেছে আগেই। মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজি এসেছেন। তাঁকে নিয়ে এবার পিএসজি গড়ছে নতুন ত্রয়ী—এমএনএম! মেসি, নেইমার, এমবাপ্পে।

পিএসজির এ ত্রয়ী সময়ের ফুটবলের সবচেয়ে ভয়ংকর ত্রয়ী হতে যাচ্ছে, এমনটাই ভাবছেন সবাই। নেইমার ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে খেলতে উন্মুখ মেসিও। এ দুজনের সঙ্গে খেলার ব্যাপারটিকে মেসি বলছেন—মাথা খারাপ করে দেওয়া!

আজ প্যারিসে পিএসজির হয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও করে ফেলেছেন মেসি। প্যারিসে পা রাখার পর থেকেই দেখেছেন তাঁকে ঘিরে সমর্থকদের উন্মাদনা। বার্সেলোনার বিদায়ী সংবাদ সম্মেলনের কান্না ভুলে মেসি তাই এখন রোমাঞ্চিত।

পিএসজির হয়ে খেলতে উন্মুখ মেসি সংবাদ সম্মেলনে বললেন, ‘প্যারিসে যে সংবর্ধনা পেয়েছি, সেটা অসাধারণ। আপনাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করব আমি।’

নেইমার অবশ্য রোমাঞ্চিত আগে থেকেই। মেসিকে নিয়ে পিএসজির আনুষ্ঠানিক ঘোষণার আগেই ইনস্টাগ্রাম স্টোরিতে বন্ধুকে ‘ফিরে পেয়ে’ উচ্ছ্বাস জানিয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

সেই নেইমার, এমবাপ্পের সঙ্গে খেলার ব্যাপারে মেসিকে প্রশ্ন করা হলে তিনি জবাব দিয়েছেন, ‘এমন দারুণ খেলোয়াড়দের সঙ্গে প্রতিদিন কাজ করার ব্যাপারটা মাথা পাগল করে দেওয়া।’

অবশ্য শুধু এ দুজন নয়, পিএসজিতে নতুন সতীর্থদের সবার প্রতিই মেসির সম্মান অশেষ। থাকবে না-ই বা কেন! রামোস, ভেরাত্তি, ভাইনালডাম, দোন্নারুম্মা, মারকিনিওস, দি মারিয়া, ইকার্দি, হাকিমি...পিএসজির দলে যে তারকার মেলা! সেখানে ধ্রুবতারাই যেন হয়ে এলেন মেসি।

বার্সেলোনায় যখন একসঙ্গে খেলতেন মেসি, নেইমার ও সুয়ারেজ
ফাইল ছবি: এএফপি

আর পিএসজিতে আসার পেছনে জ্বলজ্বলে আরেক বড় তারার কথাই বললেন মেসি। তাঁর বন্ধু, বার্সেলোনায় এক সময়ের সতীর্থ, চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের প্রাণভোমরা নেইমার।

মেসি বললেন, ‘আমি নেইমারকে অনেক আগে থেকেই চিনি। আমাদের লক্ষ্য এক। আমরা অনেক বছর আলাদা ছিলাম, কিন্তু আমার মনে হয় আমরা একসঙ্গে খেললেই ভালো হয় ব্যাপারটা। আমার পিএসজিতে আসার পেছনে নেইমারও অন্যতম একটা কারণ। অন্য সতীর্থদের সঙ্গে খেলতেও তর সইছে না আমার।’

মেসির সঙ্গে এ মৌসুমে পিএসজিতে যোগ দিয়েছেন সের্হিও রামোস, জর্জিনিও ভাইনালডাম, আশরাফ হাকিমি ও জিয়ানলুইজি দোন্নারুম্মা। ২০১৫ সালের পর থেকে চ্যাম্পিয়নস লিগ না জেতা মেসির চাওয়া, কখনোই চ্যাম্পিয়নস লিগ না জেতা পিএসজিকে অধরা শিরোপাটা এনে দেওয়া।

পিএসজি চেয়ারম্যান নাসের আল-খেলাইফির সঙ্গে মেসি
ছবি: রয়টার্স

‘পিএসজি এ মৌসুমে দুর্দান্ত কিছু খেলোয়াড় দলে এনেছে। গত কয়েক বছরে চ্যাম্পিয়নস লিগ জেতার ক্ষেত্রে বেশ অনেক দূর এগিয়েছিল তারা। আমি এই ক্লাবে এসেছি ওই লক্ষ্য নিয়েই। আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার চেষ্টা করব। আমার লক্ষ্য আরেকটা চ্যাম্পিয়নস লিগ জয়, আর আমার মনে হয় আমি সে জন্য আদর্শ জায়গাতেই এসেছি’ - মেসির কণ্ঠে রোমাঞ্চ।

মার্কো ভেরাত্তির সঙ্গে খেলা নিয়েও রোমাঞ্চিত মেসি, ‘আমরা ওকে অনেক দিন থেকেই বার্সেলোনায় আনতে চাচ্ছিলাম। তবে এখন তো উল্টোটা ঘটে গেল। আমি এখানে ওর সঙ্গে খেলতে এলাম। সে দুর্দান্ত। এখানে যারা আছে, তারা সবাই নিজ নিজ পজিশনে বিশ্বের সেরা।’