নেইমার কি খেলবেন সৌদি মালিকের অধীনে
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের স্নেহপুষ্ট একটি কনসোর্টিয়াম ৩০ কোটি পাউন্ডের বিনিময়ে নিউক্যাসলের শতভাগ মালিকানা কিনে নিয়েছে, গত অক্টোবরের খবর এটি। বিত্তশালী নতুন মালিকের অধীনে ম্যানচেস্টার সিটি, চেলসি, পিএসজির মতো নিউ ক্যাসলও যে বদলে যাবে, এটা বলার অপেক্ষা রাখে না। অর্থবিত্তের দিক দিয়ে নিউক্যাসল এখন চেলসি, ম্যানচেস্টার সিটি, এমনকি পিএসজির চেয়ে ঢের এগিয়ে।
কিন্তু শীতকালীন দলবদলে নিজেদের অর্থবিত্তের দাপট সেভাবে দেখাতে পারেনি দলটি। বড় বড় খেলোয়াড়ের নাম শোনা গেলেও তারকাখ্যাতিতে সমর্থক টানার মতো কাউকেই পায়নি নিউক্যাসল। আগামী জুলাইয়েই সে খেদ মেটাতে চাইছে তারা। আর তাতে আগ্রহের কেন্দ্রে আছেন নেইমার।
নিউক্যাসলের নতুন মালিকের অধীনে যাওয়ার পর সময়ের সব বড় তারকাকে ঘিরেই স্বপ্ন দেখছিলেন দলটির সমর্থকেরা। কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হরলান্ড, সভেন বটম্যান, দিয়েগো কার্লোস, ফিলিপ কুতিনিও, কালিদু কুলিবালি, ইসকো, উসমান দেম্বেলের মতো নামকরা খেলোয়াড়দের সমাগম দেখা যাবে নিউ ক্যাসলে, এমনটা ভেবেছিলেন তাঁরা। শুধু কিয়েরান ট্রিপিয়ের ছাড়া জানুয়ারিতে বড় কোনো খেলোয়াড় দলে ভেড়াতে পারেনি দলটি।
বরং দলে এসেছেন ড্যান বার্ন, ক্রিস উডের মতো নিচু সারির ইংলিশ ক্লাবের পোড় খাওয়া কিছু খেলোয়াড়, এসেছেন ব্রুনো গিমারেসের মতো প্রতিভাবান এক ব্রাজিলিয়ান। ম্যানচেস্টার সিটি যেমন মালিকানা বদলের পর প্রথম সুযোগেই দলে টেনেছিল রবিনিওর মতো তারকাকে, চেলসি যেমন এনেছিল ক্লদ ম্যাকেলেলেকে কিংবা পিএসজি যেমন এসেই হাত বাড়িয়েছিল হাভিয়ের পাস্তোরের দিকে, অমন কোনো চোখ কপালে তোলা দলবদল নিউ ক্যাসল করে দেখাতে পারেনি।
সে কারণেই কিনা আগামী দলবদলে সবাইকে চমকে দিতে চাইছে দলটা। আর স্বল্পপরিচিত কোনো খেলোয়াড় নয়, বিশ্বের অন্যতম বড় খেলোয়াড়ই দলে আনতে চাইছে তারা। স্প্যানিশ সংবাদমাধ্যম ফিচাহেস জানিয়েছে, পিএসজি থেকে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে দলে আনতে চাইছে নিউ ক্যাসল। নেইমার নিজেও পিএসজি ছাড়ার জন্য মুখিয়ে আছেন। গত সপ্তাহে বোর্দোর বিপক্ষে ৩-০ গোলে জিতেছে পিএসজি, সে ম্যাচে মেসি ও নেইমার—দুজনকেই সমানে দুয়ো দিয়েছেন পিএসজির সমর্থকেরা।
দেবেন নাই–বা কেন? রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে দলটা বিদায় নিয়েছে চ্যাম্পিয়নস লিগ থেকে; মালিকানা বদলের পর যে ট্রফি পাওয়ার জন্য হাপিত্যেশ করছেন সমর্থকেরা। সমর্থকদের দুয়ো খেয়ে পিএসজির ওপর অভিমান হয়েছে নেইমারের। আর এ সুযোগই নিতে চাইছে নিউক্যাসল, এমনটাই জানিয়েছে ফিচাহেস।
২০১৭ সালের আগস্টে ২২ কোটি ২০ লাখ ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩৬ ম্যাচে ৯২ গোল করা নেইমার পিএসজিকে এনে দিতে পারেননি চ্যাম্পিয়নস লিগের শিরোপা।