নেইমার কেন ফ্রান্সের ফুটবলে, বুঝছেন না ক্যান্টোনা

বিশ্বের সেরা ফুটবলার হতে চান নেইমার। এ কারণেই দলবদলের বিশ্বরেকর্ড গড়ে পিএসজিতে এসেছেন এবার। নতুন দলের হয়ে খেলছেনও দুর্দান্ত। কিন্তু এত কিছুর পরও এরিক ক্যান্টোনাকে সন্তুষ্ট করতে পারছেন না। ইউনাইটেড কিংবদন্তির প্রশ্ন, ক্যারিয়ারের মধ্যগগনে কেন একজন ফ্রেঞ্চ লিগে খেলতে আসবে?
মেসির ছায়ায় আর আড়ালে থাকতে চাননি বলেই প্যারিসে গিয়েছেন নেইমার। ভালো খেলছেন, সতীর্থদের সঙ্গে ঝামেলা বাধাচ্ছেন, কোচের সঙ্গে হচ্ছে মনোমালিন্য—একবাক্যে আলোচনায় থাকার সব বন্দোবস্ত করে ফেলেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পিএসজিও গড়েছে দারুণ শক্তিশালী এক দল। ইউরোপের যেকোনো দলকেই হারানোর ক্ষমতা রাখে তারা। কিন্তু ক্যান্টোনা এরপরও নেইমারে এমন সিদ্ধান্তের পেছনে কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না, ‘তোমার বয়স ২৫ এবং তুমি ব্রাজিল ও বার্সেলোনার হয়ে নিয়মিত খেল। কেন তুমি লিগ ওয়ানে খেলতে আসবে? এখানে এমিয়েন্স কিংবা গেঁগার সঙ্গে ম্যাচ খেলার জন্য? ফুটবল আমি যে আবেগ ও দৃষ্টিতে দেখি, তার সঙ্গে কোনোভাবেই এটা মেলে না।’
সাংবাদিকেরা নেইমারের দলবদলের সম্ভাব্য কারণ হিসেবে চ্যাম্পিয়নস লিগ জেতার ইচ্ছের কথা বলেছিলেন ক্যান্টোনাকে। এমন যুক্তিও ধোপে টেকেনি ফ্রেঞ্চ স্ট্রাইকারের কাছে, ‘চ্যাম্পিয়নস লিগ? সর্বোচ্চ ১০টি ম্যাচ! আমি কোনোভাবেই বুঝতে পারছি না, সে কেন ফ্রান্সে এল!’ ফ্রেঞ্চ লিগ নিয়ে ফ্রান্সেরই একজন সাবেক খেলোয়াড়ের চাঁছাছোলা মন্তব্যই হয়তো বলে দিচ্ছে, পিএসজিতে খেলে নেইমারের স্বপ্নপূরণ (ব্যালন ডি’অর জেতা) হওয়া কঠিন। সূত্র: ইয়াহু স্পোর্টস।