নেইমার চান 'একটু' সম্মান
ফুটবল তো নয়, যেন রঙ্গমঞ্চ। দুদিন আগে ভিসেন্তে ক্যালদেরন কম নাটক দেখেনি। তবে অ্যাটলেটিকো মাদ্রিদ-ভক্তদের তোপটা নেইমারের ওপরই ছিল বেশি। বার্সেলোনার ব্রাজিলিয়ান স্ট্রাইকারের পায়ে বল গেলেই দুয়ো শোনা গেছে। শেষ পর্যন্ত দুই গোল করে নেইমারই হেসেছেন শেষ হাসি। গতকাল ইনস্টাগ্রামে নতুন একটা ছবি দিয়ে নেইমার আরেকটু উসকে দিলেন বিতর্কটা।
কোপা ডেল রের কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় লেগের ম্যাচটির বিরতির সময় লাল কার্ড দেখেছেন গাবি। পরে অ্যাটলেটিকো অধিনায়ক নেইমারকে ধুয়ে দিয়েছেন, ‘ওর খেলার ধরন অনেকটাই অদ্ভুত, বিশেষ করে সে যখন জিততে যায়। সব সময় মাঠে অঙ্গভঙ্গি করে, বিশেষ করে সে যখন সামনে থাকে। কেউই হারতে পছন্দ করে না, এই ব্যাপারটা আপনাকে বিরক্ত করবেই।’ গাবির অভিযোগ, নেইমার ইচ্ছে করে প্রতিপক্ষকে খেপিয়ে দেওয়ার চেষ্টা করেন। একই সুর অ্যাটলেটিকোর আরেক খেলোয়াড় কানিরও, ‘সে তার পুরো ক্যারিয়ারেই সমস্যায় পড়বে। সে একটা নির্দিষ্ট ধরনে খেলে, প্রতিপক্ষের পায়ের ফাঁক দিয়ে বল বের করে নেওয়ার চেষ্টা করে।’
কিন্তু এসব নিয়ে নেইমারের মাথা ঘামানোর সময় কই! পরশু ইন্সটাগ্রামে অ্যাটলেটিকোর সঙ্গে ম্যাচে নিজের একটা উদ্যাপনের ছবি পোস্ট করে লিখেছেন, ‘একজনের আরেকজনকে পছন্দ করতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু সম্মান বলতে একটা ব্যাপার আছে।’ মাঠে যেভাবে খেলছেন, তাতে অবশ্য নেইমার এখন এমন কিছু বলতেই পারেন!
তবে নেইমার তাঁর বড় সমর্থক হিসেবে পেয়েছেন সাবেক ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারিকে, ‘তার খেলার ধরনই এ রকম। এটার কিছুই বদলাতে পারবে না। আমরা ওকে এ রকম সাহসীই দেখতে চাই।’ বার্সা সতীর্থ জাভিও কথা বলেছেন স্কলারির সুরে। আপাতত অবশ্য মাথা থেকে ঝেড়ে ফেলতে হচ্ছে। আগামীকালই লা লিগায় বার্সেলোনার মুখোমুখি ভিয়ারিয়াল। কোপা ডেল রের সেমিফাইনালেও বার্সার প্রতিপক্ষ তারা, কোয়ার্টার ফাইনালে হারিয়েছে গেটাফেকে। গোলডটকম।