
৩৩ বছর!
এই শব্দজোড়াই ম্যাচের আগে ব্রাজিলের কাছে ভীষণ চাপ ছিল। ১৯৮৩ সালের পর ইকুয়েডরের মাটিতে জেতেনি সেলেসাওরা। এ যেন এক দুর্বোধ্য ধাঁধা। যার উত্তর খোঁজার দায়িত্ব পড়ল নেইমার-জেসুসদের কাঁধে। সঙ্গে চ্যালেঞ্জ হয়ে পুরোনো শত্রু কিটোর উচ্চতা তো ছিলই। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯ হাজার ৩৫০ ফুট উঁচুতে খেলতে হবে। খেলা কী, শ্বাস নেওয়াটাই যেখানে অনভ্যস্ত ব্রাজিলিয়ানদের কাছে বড় চ্যালেঞ্জ হওয়ার কথা।
অবশ্য উচ্চতা, চ্যালেঞ্জ—শব্দগুলোকে কাল কেমন খেলো বানিয়ে দিলেন নেইমাররা। সমাধান দিলেন ৩৩ বছর পুরোনো ধাঁধাটিরও। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডরের মাটিতেই ইকুয়েডরকে হারালেন ৩-০ গোলে। নতুন কোচ তিতেকেও প্রথম ম্যাচেই উপহার দিলেন জয়ের তৃপ্তি।
তো ব্রাজিলের জয়ের নায়ক কে ছিলেন? নেইমার, না গ্যাব্রিয়েল জেসুস?
প্রথমজন তো অনেক দিন ধরেই ব্রাজিল ফুটবলের প্রাণভোমরা। আপন ঔজ্জ্বল্যে কদিন আগেই ঘরের মাঠের অলিম্পিকে সোনা জিতে ঘুচিয়েছেন ব্রাজিলের ‘ঐতিহাসিক’ আক্ষেপ। কিন্তু অলিম্পিক জয়ের পরই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান নেইমার। তাতে কী? এই ম্যাচেও ব্রাজিলের ‘মাঠের নেতা’ তো তিনিই। গোলশূন্য প্রথমার্ধে দুই দলের সমান সমান লড়াইয়ের পর, ৭১ মিনিটে ব্রাজিলকে এগিয়েও দিয়েছেন পেনাল্টি থেকে গোল করে।
নেইমার পাল তুলেছেন, আর ব্রাজিলকে জয়ের বন্দরে নোঙর করিয়েছেন গ্যাব্রিয়েল জেসুস। অলিম্পিকে নেইমারের পাশে মিটিমিটি জ্বলেছেন ব্রাজিল ফুটবলের এই ‘আগামীর তারা’। তবে সেটি তো অনূর্ধ্ব-২৩ দলে, কাল ছিল ব্রাজিলের ‘সিনিয়র’ দলে ১৯ বছর বয়সী ফরোয়ার্ডের অভিষেক। বড় মঞ্চেও কী দুর্দান্তভাবেই না নিজের আগমনী গাইলেন জেসুস!
প্রথম গোলের পেনাল্টিটি তাঁর এনে দেওয়া, ব্রাজিলের পরের দুটি গোলও এল জেসুসের পায়ে। ৮৭ মিনিটে বাঁ দিক থেকে মার্সেলোর নিচু ক্রসে দুর্দান্ত ফ্লিক করে আন্তর্জাতিক মঞ্চে গোলের খাতা খুলেছেন। এই গোলের মুগ্ধতার আবেশ কাটতে না-কাটতে আবারও চমক, যোগ করা সময়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় ও ব্রাজিলের তৃতীয় গোল।
অলিম্পিকের পর এমন বর্ণিল অভিষেক। ম্যাচের পর জেসুসও রোমাঞ্চিত, ‘এর চেয়ে ভালো অভিষেক আর কী হতে পারে! অভিষেকেই গোল করতে পেরে খুশি। তবে শুধু খুশিটা গোলের জন্যই নয়, দলের জন্যও।’
‘অভিষেকে’ দুর্দান্ত জয় পাওয়া কোচ তিতের কণ্ঠেও মুগ্ধতা। সেটি অবশ্য নেইমারকে ঘিরেই বেশি, ‘পুরো দলই দুর্দান্ত ছিল, নেইমারও তা-ই। কৌশলগতভাবে তো দলকে নেতৃত্ব দেয়ই, ওর আরও অনেক ভালো দিক আছে। প্রতিদ্বন্দ্বিতা, ব্যবহারে মাধুর্য...মাঠে অনেক কম জায়গা পেয়েও নিজের দায়িত্বটা ঠিকই পালন করেছে ও।’
অধিনায়কের বন্ধনী হাতে না থাকুক, নেইমারকে এমন নেতার ভূমিকাতেই দেখতে চায় ব্রাজিল। এএফপি, রয়টার্স।
এক নজরে ফল
বিশ্বকাপ বাছাইপর্ব: দক্ষিণ আমেরিকা
বলিভিয়া ২: ০ পেরু
কলম্বিয়া ২: ০ ভেনেজুয়েলা
ইকুয়েডর ০: ৩ ব্রাজিল
আর্জেন্টিনা ১: ০ উরুগুয়ে
প্যারাগুয়ে ২: ১ চিলি