নেইমারের দাবি, মারামারির খবরটি ভুয়া
গুঞ্জনটা ছড়ায় চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো ফিরতি লেগ শেষে। পিএসজি হেরে বিদায় নেওয়ার পর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছিল, প্যারিসের ক্লাবটির ড্রেসিংরুমে কথা–কাটাকাটি থেকে প্রায় হাতাহাতি হওয়ার মতো পরিস্থিতিতে চলে গিয়েছিলেন নেইমার ও জিয়ানলুইজি দোন্নারুম্মা।
তবে আর কোনো সংবাদমাধ্যমই খবরটি নিশ্চিত করতে পারেনি। এবার নেইমার দাবি করলেন, খবরটির কোনো সত্যতা নেই। পিএসজি গোলকিপার দোন্নারুম্মার সঙ্গে তাঁর কোনো ঝামেলা হয়নি।
ফিরতি লেগে পরশু রাতে রিয়াল মাদ্রিদের মাঠে ৩-১ গোলের হারে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিশ্চিত হয় পিএসজির। মার্কার প্রতিবেদনে বলা হয়, হারের পর ড্রেসিংরুমে গিয়ে একে অপরের ওপর দোষ চাপানো শুরু করেন নেইমার ও দোন্নারুম্মা। হাতাহাতি শুরু হয়ে যেত যদি বাকিরা এসে তাঁদের আলাদা না করতেন।
ফিরতি লেগে দোন্নারুম্মার ভুলে প্রথম গোলটি হজম করে পিএসজি। পরের গোলে ভুল ছিল নেইমারের। মাঝমাঠে তাঁর বল হারানোর সুযোগ নিয়ে গোল করেন করিম বেনজেমা।
মার্কা জানায়, ম্যাচ শেষে পিএসজির ড্রেসিংরুমে ওই গোলের জন্য দোন্নারুম্মাকে সরাসরি দোষারোপ করেন নেইমার। দোন্নারুম্মাও মনে করিয়ে দেন, রিয়ালের দ্বিতীয় গোলের উৎস ব্রাজিলিয়ান তারকার ভুল। লুকা মদরিচের কাছে বল হারান নেইমার। এরপর ক্রোয়াট তারকার পাস থেকে বেনজেমার গোল।
দোন্নারুম্মার পাল্টা অভিযোগের প্রতিবাদ করেন নেইমার। এভাবে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই খেলোয়াড় হাতাহাতির মতো পরিস্থিতিতে চলে যান। সতীর্থরা এসে দুজনকে আলাদা করেন।
সংবাদমাধ্যম গোল ডটকম জানিয়েছে, নেইমার ও দোন্নারুম্মা দুজনই এ খবর অস্বীকার করেছেন। নেইমার তো ইনস্টাগ্রামে এ নিয়ে বিবৃতিও দিয়েছেন, ‘এখানে (ইনস্টাগ্রাম) এসে খবর নিয়ে কথা বলতে ঘৃণা করি। কিন্তু আগের খবরটি ভুয়া। ড্রেসিংরুমে কোনো মারামারি হয়নি। অদক্ষ সংবাদকর্মীরা নিজেদের বাজার ধরতে চায়, এটাতে তো হলো না, পরেরটা চেষ্টা করে দেখুন।’
দোন্নারুম্মার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলার স্ক্রিনশটও পোস্ট করেন নেইমার। ইতালিয়ান গোলকিপারকে সান্ত্বনা দিয়ে নেইমার লেখেন, ‘শান্ত হও। ফুটবলে এমন হয়। আমরা একটি দল এবং সবাই তোমার পাশে আছে। তুমি বয়সে তরুণ এবং অনেক কিছুই জিতবে। ব্যাপারটা ভুলে সামনে এগিয়ে যাও।’
কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন দেখে আসছে পিএসজি। কিন্তু সেই পথে এবারও স্বপ্নটা ভেঙে খান খান হওয়ায় ক্লাবটির ভেতরকার পরিস্থিতি অশান্ত হয়ে উঠতে পারে। কোচ মরিসিও পচেত্তিনো ও পরিচালক লিওনার্দোকেও বিদায় করে দেওয়া হতে পারে, এমন গুঞ্জন উঠেছে সংবাদমাধ্যমে।