নেইমার জেতালেন ব্রাজিলকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও একবার জাতীয় দলের হয়ে নিজেকে চেনালেন নেইমার ছবি: এএফপি
আরও একবার জাতীয় দলের হয়ে নিজেকে চেনালেন নেইমার ছবি: এএফপি

পেরুর বিপক্ষেই যবনিকাপাত হতে পারতো ব্রাজিলের জয়যাত্রার। কিন্তু এই দলটিতে যে আছেন নেইমারের মতো ফুটবলার। তাঁর নৈপুণ্যেই পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ব্রাজিল ম্যাচটা জিতেছে ২-১ গোলে।
আটবারের কোপা চ্যাম্পিয়নদের মাঠে নেমেই ভড়কে দিয়েছিল পেরু। শুরুতেই ক্রিস্টিয়ান কুয়েভোর গোলে এগিয়ে যায় তারা। যদিও নেইমার দ্রুতই খেলায় ফিরিয়েছিলেন ব্রাজিলকে। বারবার গোলবঞ্চিত ব্রাজিলকে শেষ অবধি যোগ করা সময়ে গোল করে জেতান ডগলাস কস্তা।
ডেভিড লুইস ও গোলরক্ষক জেফারসনের ভুলে ম্যাচের তৃতীয় মিনিটেই গোল উপহার পায় পেরু। ছোট ডি বক্সে ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেননি লুইস। নিজের কাছে যাওয়া বলটিও ঠিকমতো না ধরে সামনে বাড়িয়ে কাণ্ড ঘটিয়ে বসেন গোলরক্ষক জেফারসন। ব্রাজিলীয় গোলরক্ষককে বোকা বানিয়ে বল ধরে আলতো টোকায় জালে পাঠান কুয়েভো।
পিছিয়ে পড়ে অবশ্য বেশিক্ষণ হা-হুতাশ করতে হয়নি ব্রাজিলকে। নেইমারের কল্যাণে মুহূর্তেই সমতায় ফেরে তারা। বার্সেলোনা সতীর্থ দানি আলভেসের ক্রসে দারুণ এক হেডে পেরুর জালে বল জড়ান নেইমার। তাঁর এই গোলটিতে পেরু রক্ষণের দায়ভার কিন্তু কম নয়।
জাতীয় দলের হয়ে নিজের ৪৪ তম গোলটি কিন্তু নেইমারের খিদেটা বাড়িয়ে দেয় আরও। পায়ের দারুণ কারুকাজে বারবারই পেরুর রক্ষণে হানা দিয়েছিলেন তিনি। একবার প্রায় একক প্রচেষ্টায় বল নিয়ে পেরুর রক্ষণসীমায় ঢুকে তাঁর নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এর আগে ম্যাচের ১৫ মিনিটের সময় তাঁর শট পেরুভিয়ান গোলরক্ষককে পরাস্ত করলেও তা ঠিক গোললাইনের ওপর ফিরিয়ে দেন রক্ষণসেনা লুইস আদভিনকুলা। ৫৩ মিনিটে তাঁর শট ক্রসবারে লেগে প্রতিহত হয়।
ম্যাচটি যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই সমর্থকদের হৃদয়ের পাষাণভার কমিয়ে দেন শাখতার দানেতস্কের ডগলাস কস্তা। অবশ্য তাঁর এই গোলে ‘অ্যাসিস্ট’ কিন্তু ওই নেইমারেরই। তাঁর রক্ষণচেরা পাসেই বাজিমাত করেন কস্তা। দল পেয়ে যায় টানা একাদশতম জয় আর কোপা আমেরিকা প্রতিযোগিতায় শুভ সূচনা। সূত্র: এএফপি।