নেইমার তাকিয়ে অলিম্পিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার
নেইমার

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। কিন্তু পেলে-রোনালদোদের ব্রাজিল একবারও অলিম্পিক শিরোপা জিততে পারেনি। সোনার হরিণ হয়ে থাকা এই সাফল্য ২০১৬ অলিম্পিকেই জিততে চান নেইমার।
ফুটবলের সব বড় শক্তিরই লক্ষ্য থাকে শিরোপা জয়। কিন্তু এই আকাঙ্ক্ষার সঙ্গে নেইমারের চাওয়াটাকে ঠিক মেলানো যায় না। সাফল্য-বন্ধ্যাত্ব ঘোচানোর পাশাপাশি নেইমার ‘পরিত্রাণ’ও চান। ১৯৫০ বিশ্বকাপে মারাকানার ফাইনাল হৃদয় ভেঙে দিয়েছিল ব্রাজিলিয়ানদের। উরুগুয়ের কাছে সেই হারের ক্ষতে ৬৪ বছর পর প্রলেপ দেওয়ার সুযোগ এলেও পারেনি পেলের উত্তরসূরিরা। পারেনি তো বটেই, বরং ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭ গোল খেয়ে ফুটবলপ্রেমীদের উপহার দিয়েছে চির-অনপনেয় যন্ত্রণা। সেই যন্ত্রণা লাঘবের জন্য রিও অলিম্পিকের শিরোপা চান নেইমার, ‘আশা করছি আমরা ব্রাজিলিয়ান জনগণের জন্য ঘরের মাঠে শিরোপাজয়ী দলের অংশ হতে পারব। মারাকানায় জেতাটা অসাধারণ, অবিস্মরণীয় হবে। তবে সেটার জন্য এটা নিশ্চিত করতে হবে যে মাঠে আমরা নিজেদের সেরা খেলাটাই খেলছি।’ অতীতের শিক্ষাটা এ ক্ষেত্রে কাজে লাগবে বলেই বিশ্বাস বার্সেলোনা স্ট্রাইকারের, ‘সবকিছু থেকেই শিখতে পারব বলে আমার বিশ্বাস। যদি কাঙ্ক্ষিত সোনার পদকটি জিততে না পারি, কারণ হবে একটাই—আমাদের সময়টা আসতে এখনো বাকি।’ এএফপি।