নেইমার থাকছেন, এমবাপ্পেকেও যেতে দেবে না পিএসজি

পিএসজিতেই থাকবেন দুজন?ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনা ছেড়েছেন সেই কবে। কিন্তু একটা গুঞ্জন কখনোই পিছু ছাড়েনি নেইমারের। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখানোর পর প্রায় প্রতিটি দলবদলের বাজারেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে গুঞ্জন ছিল—আবার ন্যু ক্যাম্পে ফিরতে চান! পিএসজির আরেক ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জনও সেই ২০১৭ সাল থেকেই। পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন বারবার পিছিয়ে দেওয়ায় সে গুঞ্জনে জোর হাওয়া লেগেছিল সম্প্রতি।

তবে গুঞ্জন যতই জোরদার হোক, পিএসজি হয়তো সময়ের অন্যতম সেরা দুই ফরোয়ার্ডের একজনকেও হারাচ্ছে না। নেইমার নিজে থেকেই বলে দিয়েছেন, পিএসজি ছাড়ার কথা তিনি মোটেই ভাবছেন না। আর রিয়াল মাদ্রিদ খুব করে চাইলেও এমবাপ্পেকে ছাড়ার কোনো ইচ্ছাই নেই পিএসজির। ক্লাবটির সভাপতি নাসের আল খেলাইফি স্পষ্ট করে বলে দিয়েছেন, নেইমার-এমবাপ্পের কাউকেই ছাড়বে না তাঁর দল!

চুক্তি নবায়নের সিদ্ধান্ত এখনো নেননি এমবাপ্পে।
ছবি: এএফপি

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কাল তুরস্কের দল ইস্তাম্বুল বাশাকশেহিরকে ৫-১ গোলে হারিয়েছে পিএসজি। টুর্নামেন্টের শেষ ষোলোতে উঠে যাওয়া পিএসজির জয়ে গোল পেয়েছেন নেইমার ও এমবাপ্পে দুজনেই। নেইমার করেছেন হ্যাটট্রিক আর এমবাপ্পে পেয়েছেন জোড়া গোল।

ম্যাচটি আসলে হওয়ার কথা ছিল গত পরশু। প্যারিসে ম্যাচটি শুরু হয়ে ১৪ মিনিট খেলাও হয়ে গিয়েছিল। কিন্তু সেই সময় ম্যাচের চতুর্থ রেফারি বাশাকশেহিরের সহকারী কোচ পিয়ের ওয়েবোকে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্য করেন। ক্যামেরুনের সাবেক ফুটবলারকে উদ্দেশ করে রোমানিয়ার রেফারি বলেছিলেন, ‘ওই কালো লোকটি।’ এর প্রতিবাদে মাঠ ছেড়ে চলে যান বাশাকশেহিরের খেলোয়াড়েরা। প্রতিপক্ষের সঙ্গে একাত্মতা ঘোষণা করে মাঠ ছেড়ে যান নেইমার-এমবাপ্পেও।

রেফারির বর্ণবাদী আচরণের প্রতিবাদ করে কাল মাঠ ছেড়ে গেলেও এখনই পিএসজি ছাড়ছেন না নেইমার। ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন দুটি ক্লাবের হয়ে ন্যূনতম ২০ গোল করা নেইমার ম্যাচ শেষে বলে দিয়েছেন, পিএসজি ছাড়ার কথা এই মুহূর্তে তিনি ভাবতেও পারেন না।

এমবাপ্পে-নেইমার জুটি ভয়ংকর হয়ে উঠছে।
ছবি: এএফপি

ট্রান্সফার রেকর্ড গড়ে ২০১৭ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখানো নেইমার বলেছেন, ‌‘আমি প্যারিসে সুখেই আছি। ক্লাবেও আমি আমার সতীর্থদের নিয়ে সুখে আছি। ক্লাব ছেড়ে যাওয়ার কথা আমার মনেও আসে না। আমাদের এখন নতুন চুক্তি নিয়ে আলোচনা করতে হবে। আমাদের সম্পর্ক অনেক ভালো। আমি এখানে খুব সুখে আছি। দেখি ভবিষ্যতে কী হয়।’

পিএসজির সভাপতি নাসের আল খেলাইফির কণ্ঠেও একই সুর। নেইমারকে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছাই তাঁর নেই। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে ভাবছেন তিনি। একই সঙ্গে তিনি কথা বলেছেন এমবাপ্পের ভবিষ্যৎ নিয়েও, ‘আমরা নেইমার ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে নতুন চুক্তি নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু করেছি। বিষয়টি এখনো গোপনই রাখছি আমরা। কিন্তু আমরা নতুন চুক্তি নিয়ে খুবই আত্মবিশ্বাসী। দুজনেই আমাদের সঙ্গে থাকতে চায়।’

বাশাকশেহিরের বিপক্ষে জোড়া গোল করে লিওনেল মেসিকে ছাড়িযে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে ২০ গোল পাওয়ার রেকর্ড গড়া এমবাপ্পেও কদিন আগে বলেছিলেন, পিএসজির হয়ে আরও অনেক গোল করতে চান। প্যারিসের দলটির হয়ে গড়তে চান ইতিহাস!

আসলে নেইমার ও এমবাপ্পের ভবিষ্যৎ কী, সেটা সময়ই বলে দেবে। এটা দেখার জন্য আগামী দলবদলের বাজার পর্যন্ত অপেক্ষা করতে হবে বিশ্বজোড়া ফুটবলপ্রেমীদের।