নেইমার না থেকেও আলোচনায় নেইমার

এক রাতে ২৪টি ম্যাচ। যেন আন্তর্জাতিক ফুটবলে প্রীতি ম্যাচের মেলাই বসছে আজ। আর্জেন্টিনা-ইতালি, জার্মানি-স্পেন, রাশিয়া-ব্রাজিল, হল্যান্ড-ইংল্যান্ড, ফ্রান্স-কলম্বিয়া-বড় ম্যাচের সংখ্যাও নেহাত কম নয়। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো-সময়ের দুই সেরা ফুটবলার খেলবেন। কিন্তু আলোচনা বেশি হচ্ছে যিনি খেলবেন না, সেই নেইমারকে নিয়ে।
রাশিয়ার সঙ্গে ব্রাজিল খেলবে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে। আগামী ১৫ জুলাই এই মাঠেই ২০১৮ বিশ্বকাপের ফাইনাল। ফুটবলপাগল ব্রাজিলের মানুষ স্বপ্ন দেখছে, মস্কোর এই মাঠে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরবেন নেইমার-মার্সেলোরা। রাশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলের মিডফিল্ডার কাসেমিরোও বললেন সেই স্বপ্নের কথা, ‘যে মাঠে বিশ্বকাপের ফাইনাল হবে, আমরা সেখানেই খেলব। এই ম্যাচ দিয়ে আমরা এখানে আশার বীজ বুনে যেতে চাই। গ্রীষ্মে এখানে ফিরে আসব আর শিরোপা জিততে চেষ্টা করব।’
ব্রাজিলের শিরোপা-স্বপ্নের আবর্তন নেইমারকে ঘিরে। পিএসজির তারকা ফরোয়ার্ড পায়ের চোট নিয়ে আপাতত মাঠের বাইরে। তবে রাশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে খেলতে না পারলেও আছেন আলোচনায়। নেইমারবিহীন ব্রাজিল কতটা কী করতে পারবে-এই প্রশ্নের উত্তরে কোচ তিতে বলেছেন, ‘নেইমার ভিন্ন এক খেলোয়াড়। বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন সে। কিন্তু শক্তিশালী কোনো দলের নির্দিষ্ট কারও ওপরে নির্ভর করা উচিত নয়।’
এই ম্যাচে নেইমারের বিকল্প হিসেবে যিনি খেলবেন, সেই ডগলাস কস্তা বলেছেন, ‘নেইমারের বিকল্প বেছে নেওয়া কঠিন এক চ্যালেঞ্জ।’ এরপর হয়তো শিষ্যদের সাহস জোগাতেই তিতে বলেছেন, ‘আমাদের দলে প্রতিভাবান অনেক খেলোয়াড় রয়েছে।’
রাশিয়ার পর আগামী মঙ্গলবার ব্রাজিলের আরেকটি প্রীতি ম্যাচ জার্মানির সঙ্গে। এই দুটি ম্যাচে নেইমারের অভাব ব্রাজিল অনুভব করবে বলে মনে করেন বার্সেলোনার প্লে-মেকার ফিলিপে কুতিনহো, ‘আমরা তার অভাব অনুভব করছি। কিন্তু এই পরিস্থিতি জয় করতে হবে আমাদের। জাতীয় দল গড়ে ওঠে দল হিসেবেই। এটাই আসল বিষয় এবং আমাদের এভাবেই এগিয়ে যেতে হবে।’
চার বছর আগের এক ম্যাচে ঠিক এভাবেই নেইমারের অভাব বোধ করেছিল ব্রাজিল। ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে। চোটের কারণে সেই ম্যাচে খেলতে পারেননি নেইমার। সেই ম্যাচে তাঁর অভাব কাটিয়ে উঠতে পারেনি স্কলারির দল। ৭-১ গোলে হেরে হয়েছিল ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ। ওই ম্যাচের পর আর মুখোমুখি হয়নি ব্রাজিল-জার্মানি। আগামী মঙ্গলবার বার্লিনে প্রীতি ম্যাচ খেলবে তিতের ব্রাজিল আর জোয়াকিম লোর জার্মানি।
এর আগে আজ জার্মানির প্রতিপক্ষ স্পেন। হোক প্রীতি ম্যাচ, তবু দুই সাবেক চ্যাম্পিয়নের লড়াইয়ে ফুটবল-রোমাঞ্চই খুঁজবেন ফুটবলপ্রেমীরা। কিন্তু এই ম্যাচের আগেও আলোচনা ব্রাজিল-জার্মানি ম্যাচ নিয়ে। প্রীতি ম্যাচের আড়ালে ব্রাজিল প্রতিশোধ নিতে চাইবে বলেই মনে করেন জার্মানির ফরোয়ার্ড টমাস মুলার, ‘অবশ্যই (ওরা প্রতিশোধ নিতে) চাইবে। ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালে হেরে যাওয়াটা বড় লজ্জার। ব্রাজিল সত্যিকারের ফুটবলপাগল দেশ আর ওদের ওপর খুব চাপ ছিল।’
কে জানে, নেইমারবিহীন ব্রাজিল বেলো হরিজন্তের প্রতিশোধ বার্লিনে নিতে পারবে কি না!
আজকের গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচের সূচি দেখে নিন:
ম্যাচের সময় | ||
উরুগুয়ে | বিকেল ৫টা ৩৫ | চেক প্রজাতন্ত্র |
রাশিয়া | রাত ১০টা | ব্রাজিল |
হল্যান্ড | রাত ১২টা ৪৫ | ইংল্যান্ড |
ফ্রান্স | রাত ১টা | কলম্বিয়া |
ইতালি | রাত ১টা ৪৫ | আর্জেন্টিনা |
জার্মানি | রাত ১টা ৪৫ | স্পেন |
পর্তুগাল | রাত ১টা ৪৫ | মিসর |