নেইমার না দি মারিয়া—কাকে নিয়ে একাদশ সাজাবে পিএসজি?

নেইমার আজ একাদশে থাকবেন?ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল অনুশীলনে বল দখলের সময় সতীর্থ ইদ্রিসা গানা গেয়ে মাড়িয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পের পা। এরপর থেকেই পিএসজি সমর্থকদের দুশ্চিন্তা কী নিয়ে, সেটি অনুমান করতে তো আইনস্টাইন হওয়ার দরকার পড়ে না!

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সমীকরণে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আজ সান্তিয়াগো বার্নাব্যুতে এগিয়ে থেকে নামছে ঠিকই পিএসজি, কিন্তু মাত্র ১-০ গোলের এই এগিয়ে থাকা পিএসজি-ভক্তদের খুব একটা স্বস্তি দেয় না। তারওপর এমবাপ্পের খেলা নিয়েও যদি সংশয় থাকে, তাহলে বাংলাদেশ সময় রাত ২টায় হতে যাওয়া শেষ ষোলোর দ্বিতীয় লেগের এই ম্যাচের আগে পিএসজি-ভক্তদের অনুভূতির পুরোটাজুড়ে যে উদ্বেগই থাকবে, তা তো বলেই দেওয়া যায়।

এমনিতেই এমবাপ্পের ওপর ভর করেই মৌসুমে পথ চলছে পিএসজি। নেইমার আর লিওনেল মেসি মৌসুমে এখনো নিজেদের সেরা ছন্দে দেখা দিতে পারেননি। মেসি নিচে নেমে খেলছেন বলে তাঁর গোল আসছে না। নেইমার চোট কাটিয়ে ফিরেছেন কদিন হলো। গোলের জন্য এমবাপ্পেই তাই পিএসজির বড় ভরসা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগেও তিনিই আলো ছড়িয়েছেন, গোলটাও তাঁরই করা।

শেষ পর্যন্ত এমবাপ্পে খেলবেন কি না, তা এখনো জানাতে পারেনি ফরাসি সংবাদমাধ্যম। তবে এমবাপ্পে দলের সঙ্গে মাদ্রিদে গেছেন, অনুশীলনেও ছিলেন, তাই তাঁকে ধরে রেখেই সম্ভাব্য একাদশ জানাচ্ছেন অনেকে।

বার্নাব্যুতে আবার এলেন মেসি, তবে এবার পিএসজির জার্সিতে
ছবি: রয়টার্স

তবে এমবাপ্পে খেললে সে ক্ষেত্রে আক্রমণে তাঁর সঙ্গী হবেন কে? প্রশ্নটা শুনে প্রথমেই হয়তো আপনার মনে হচ্ছে, মেসি আর নেইমার যেহেতু আছেনই, কে খেলবেন প্রশ্নের আর মানে কী! তবে স্প্যানিশ দৈনিক এএস জানাচ্ছে, পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোর এই তিন মহাতারকাকে খেলানোর ক্ষেত্রে একটা দ্বিধা কাজ করছে। এই তিনজন একসঙ্গে খেললে দলের রক্ষণ আর মাঝমাঠকে যে বাড়তি পরিশ্রম করতে হয়! মেসি, নেইমার আর এমবাপ্পের কেউই যে প্রতিপক্ষের পায়ে বল থাকা অবস্থায় ‘প্রেসিং’ করতে চান না!

আবার অন্যদিকে মেসি আর এমবাপ্পের মধ্যে মৌসুমে সমন্বয়টা দারুণ জমছে। সে কারণেই এএসের প্রতিবেদন, আক্রমণে এ দুজনের সঙ্গী হিসেবে নেইমার না আনহেল দি মারিয়া—এই দুজনের মধ্যে কাকে খেলাবেন পচেত্তিনো, সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

পিএসজির সম্ভাব্য একাদশ
ছবি: সংগৃহীত

তবে এত বড় ম্যাচে নেইমারের মতো তারকাকে বসিয়ে রাখার ‘সাহস’ হয়তো পচেত্তিনোর নেই। আবার এমবাপ্পে, মেসি, নেইমারের পাশে দি মারিয়াকে নামালে রিয়ালের মাঝমাঠ হেসেখেলে দাপট দেখাবে পিএসজির ওপর। শেষ পর্যন্ত তাই মেসি, নেইমার, এমবাপ্পের পেছনে মার্কো ভেরাত্তিকে ‘বল ক্যারিয়ার’ হিসেবে রাখা হতে পারে। আর মাঝমাঠে থেকে রক্ষণকে ভরসা জোগাতে রাখা হতে পারে দুই ডিফেন্সিভ মিডফিল্ডার ইদ্রিসা গেয়ে ও দানিলো পেরেইরাকে।

এএস অবশ্য জানাচ্ছে, গেয়ের বদলে ডাচ মিডফিল্ডার জর্জিনিও ভাইনালডামকেও খেলাতে পারেন পচেত্তিনো।

পিএসজির সম্ভাব্য একাদশ: দোন্নারুম্মা, হাকিমি, মারকিনিওস, কিমপেম্বে, মেন্দেস, দানিলো, ভাইনালডাম/গেয়ে, ভেরাত্তি, নেইমার, মেসি, এমবাপ্পে।