নেইমার-নাটকের শেষ কবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার
নেইমার

সম্ভবত নেইমার ও তাঁর বাবা ছাড়া বাকি সবাই-ই চাচ্ছেন, নাটকটা শেষ হোক। নেইমারের পিএসজি যাওয়ার নাটক যে এখন ক্লান্তিকর হয়ে উঠেছে। পরশু দিন পর্যন্তও যেখানে মনে হচ্ছিল, ২২২ মিলিয়ন ইউরোর বিশ্ব রেকর্ড গড়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পিএসজিতে চলে যাওয়া শুধুই দু-এক দিনের ব্যাপার, সেখানে কালই নাটকে নতুন মোড়! এখন শোনা যাচ্ছে, বার্সা শেষ মুহূর্ত পর্যন্ত পিএসজির নেইমারকে পাওয়ার কাজটা যতটা সম্ভব কঠিন করে তুলবে।

পরশু কাতারি পত্রিকা এল ওয়াতান লিখেছিল, স্পনসরদের এক অনুষ্ঠানে চীনে আসা নেইমার কাতারে গিয়ে পিএসজির চেয়ারম্যান নাসের আল-খেলাইফির সঙ্গে দেখা করবেন। সেখানেই গতকাল তাঁর স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা ছিল। এমনকি আজই প্যারিসে তাঁকে পিএসজির জার্সিতে পরিচয় করিয়ে দেওয়া হতে পারে, এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল। কোথায় কী! স্পেনের সংবাদমাধ্যম নিশ্চিত করেছে, কাতার নয়, চীন থেকে বার্সেলোনায় ফিরে আসছেন নেইমার।

বার্সেলোনায় আসছেন, তবে বার্সেলোনাতেই থেকে যাবেন, সে নিশ্চয়তা কে দেবে! স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্ত লিখেছে, বার্সেলোনায় ফিরেই নেইমার কথা বলবেন তাঁর বাবার সঙ্গে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এরপরই।

তবে নেইমারের দলবদল নিয়ে প্রতিদিনই এমন নতুন গুঞ্জন শুনতে শুনতে এখন একটু বিরক্তই তাঁর বার্সার সতীর্থরা। স্পেনের পত্রিকাগুলো লিখেছে, তারা এখনো চায়, নেইমার বার্সাতেই থাকুন। তবে না থাকলে এই নাটকটা দ্রুত শেষ হোক। নেইমারের দলবদল নাটকটা প্রাক্‌-মৌসুম প্রস্তুতিতে প্রভাব ফেলছে বলেই ধারণা। যুক্তরাষ্ট্র সফরেও দল বার্সেলোনার চেয়ে ব্যক্তি নেইমার নাকি বড় হয়ে উঠেছিলেন। সেটি স্বাভাবিকভাবেই বার্সার অন্য খেলোয়াড়দের পছন্দ হওয়ার কথা নয়।

বার্সার বোর্ডও গত দুই দিনে হঠাৎ যেন কঠোর হয়ে উঠেছে। সেটি পিএসজির ব্যাপারে যেমন, তেমনি নেইমার ও তাঁর বাবার ব্যাপারেও। গত বছর নবায়নের সময় নেইমারের চুক্তিতে শর্ত অনুযায়ী এই বছরের জুলাই পর্যন্ত নেইমার বার্সায় থাকলেই তাঁর বাবার কমিশন হিসেবে ২৬ মিলিয়ন ইউরো পাওয়ার কথা ছিল। ফ্রেঞ্চ ও স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো এত দিন বলছিল, নেইমারের বাবা ইচ্ছে করেই দলবদলটা আগস্টে নিয়ে যেতে চাইছিলেন, যাতে কমিশনের অর্থটা পাওয়া যায়। তবে বার্সার বোর্ড এখন নড়েচড়ে বসেছে। চুক্তি পুরো না করলে এই অঙ্কের পুরোটা নেইমারদের দেবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

পিএসজির ওপরও চাপ বাড়াচ্ছে বার্সেলোনা। স্পোর্ত জানাচ্ছে, গত কয়েক দিনে জি-১৪ ক্লাবগুলোর (২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত ইউরোপের ক্লাবগুলোর সংগঠন, ২০০৮ সালে ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন হওয়ায় এটি অবলুপ্ত হয়ে যায়) সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে হোসে মারিয়া বার্তোমেউর বোর্ড। এত বিশাল অঙ্কে নেইমার পিএসজিতে গেলে সেটির প্রভাব ইউরোপিয়ান ফুটবলে কতটা খারাপ হবে, সেটিই বোঝানোর চেষ্টা করছে ক্লাবগুলোকে। তবে এত কিছুতেও শেষ পর্যন্ত কাজ না হতে পারে। ফরাসি সংবাদমাধ্যম জানাচ্ছে, নেইমার পিএসজিতে যাবেনই। ফ্রেঞ্চ ক্লাবটিও ২৫ বছর বয়সী তারকাকে ধুমধামে বরণ করে নেওয়ার পরিকল্পনা করছে। ২০১২ সালে ইব্রাহিমোভিচকে যেখানে ক্লাবের জার্সিতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল, আইফেল টাওয়ারের পাশে সেই প্লেস দু ত্রোকাদেরোতে নেইমারকেও পরিচয় করিয়ে দেওয়া হবে।

নেইমারের জন্য এত টাকা কীভাবে দেবে পিএসজি, তা নিয়েও একটু নাটকের সম্ভাবনা দেখা দিচ্ছে। নেইমারের রিলিজ ক্লজের ২২২ মিলিয়ন দিয়ে তাঁকে নিতে গেলে বিশাল অঙ্কের কর দিতে হবে প্যারিসের ক্লাবটিকে। সে জন্য বার্সেলোনার সঙ্গে দর-কষাকষিতে যেতে চায় তারা। স্পেনের সংবাদমাধ্যমের খবর, বার্সাও এটির সুযোগ নেবে। নেইমারের চুক্তির অংশ হিসেবে পিএসজি মিডফিল্ডার মার্কো ভেরাত্তিকে চাইবে।

ফ্রেঞ্চ পত্রিকা লা পারিসিয়েন অবশ্য বলছে, এত নাটকের শেষে এই সপ্তাহে না হলেও আগামী সোমবারের মধ্যে অবশ্য অবশ্যই পিএসজির জার্সিতে দেখা যাবে নেইমারকে। দেখা যাক! মার্কা, এএস, স্পোর্ত, লে’কিপ।