নেইমার পিএসজিকে 'থুতু দিচ্ছে'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাও পাওলোয় চায়নিজ ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘টিসিএল’-এর অনুষ্ঠানে নেইমার। ছবি: এএফপি
সাও পাওলোয় চায়নিজ ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘টিসিএল’-এর অনুষ্ঠানে নেইমার। ছবি: এএফপি
>
  •  পিএসজির লিগ জয়ের উৎসবে আসেননি নেইমার
  •  ফ্রান্সের সাবেক স্ট্রাইকার ডুগারে এতে চটেছেন
  •  নেইমার এখন ব্রাজিলে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন

পায়ের পাতার হাড় ভেঙে গত ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ছাড়াই লিগ জয় নিশ্চিত করেছে তাঁর দল পিএসজি। রোববার মোনাকোকে ৭-১ গোলে চূর্ণ করে শিরোপা পুনরুদ্ধার করে তাঁরা। মাঠে যখন সতীর্থরা শিরোপা নিশ্চিত করছেন, নেইমার তখন অনলাইনে পোকার খেলায় ব্যস্ত। ব্যাপারটা অনেকেই মেনে নিতে পারেননি।
পায়ে চোট পাওয়ার পর থেকেই ব্রাজিলে অবস্থান করছেন নেইমার। ইনজুরি থেকে দ্রুত সেরে উঠতে রয়েছেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। কিন্তু পিএসজির শিরোপা জয় নিশ্চিতের উৎসবে নেইমারের অনুপস্থিতিতে চটেছেন ক্রিস্টোফ ডুগারে। ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ এবং ২০০০ ইউরোজয়ী এই স্ট্রাইকারের প্রশ্ন, নেইমারকে তাঁরা (পিএসজির বাকি খেলোয়াড়েরা) নেতার মর্যাদা দিয়েছে, কিন্তু শিরোপা জয়ের আনন্দটা ভাগাভাগি করে নিতে এল না?

পিএসজি নেইমারকে কিনেছে ট্রান্সফারের বিশ্ব রেকর্ড গড়ে। পার্ক দে প্রিন্সেসে তাঁকে প্রায় মাথায় করে রেখেছে দলটি। প্রতিদানে নেইমারের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন ডুগারে, ‘শিরোপা জয়ের সন্ধিক্ষণে সতীর্থদের সঙ্গে নেইমার কীভাবে থাকতে পারল না? ওরা (সতীর্থরা) তাকে নেতার মর্যাদা দিয়েছে আর নেইমার জয়টা (শিরোপা) ভাগ করে নিতে পর্যন্ত এল না? পিএসজি এটা মেনে নেবে, তা কীভাবে সম্ভব? সে ক্লাবকে (পিএসজি) থুতু দিচ্ছে। আমার কাছে এটা ভয়ানক ব্যাপার। বার্সেলোনায় থাকলে ওর আসতে কোনো সমস্যা হতো না।’

ডুগারের মতে, নেইমার দল নয় নিজের জন্য খেলেন। এ ধরনের খেলোয়াড়ের জন্যই পিএসজি ইউরোপে সুবিধা করে উঠতে পারছে না বলে মনে করছেন ডুগার, ‘আমি সেসব খেলোয়াড়ের পক্ষে নেই যাঁরা শুধু নিজেদের নিয়েই ভাবে। কারণ ম্যাচ সবাই মিলেই জিততে হয়। কখনো কোনো ব্যক্তির ওপর তা নির্ভর করে না...অথচ মানুষ এখনো ভাবে এমন আচরণ করেও পিএসজি চ্যাম্পিয়নস লিগ জিতবে!’