নেইমার ফিগো নন!

অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে কোপা ডেল রের ম্যাচ। ন্যু ক্যাম্পের গ্যালারিতে একটা ব্যানার ধরা পড়ল টিভি ক্যামেরায়, ‘ফ্লোরেন্তিনো, নেইমার ফিগো নয়।’ কিন্তু নেইমারের সঙ্গে লুইস ফিগো জড়ালেন কীভাবে? রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকেই বা সেটি মনে করিয়ে দেওয়ার কারণ কী?
২০০০ সালে বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদে এসেছিলেন লুইস ফিগো। ওই দলবদল নিয়ে কম বিতর্ক হয়নি। বার্সেলোনার কাছে সেই থেকে পর্তুগিজ ওই ফুটবল তারকা চিরদিনের বিশ্বাসঘাতক। রিয়ালের হয়ে খেলার সময় পরে ন্যু ক্যাম্পে ফিগোর দিকে শুয়োরের মাথাও ছুড়ে মারা হয়েছিল।
ওই দলবদলের কলকাঠি যিনি নেড়েছিলেন, সেই পেরেজই এবার বার্সেলোনা থেকে নেইমারকে রিয়ালে নিয়ে আসতে চাইছেন বলেই জোর গুঞ্জন। বার্সেলোনাও নিশ্চয়ই ফিগোর ব্যাপারটা ভুলে যায়নি। নেইমারকে নতুন চুক্তিতে সই করানোর জন্য কম চেষ্টা করছে না কাতালান ক্লাবটি।
এ মুহূর্তে নেইমারের সঙ্গে বার্সার চুক্তি ২০১৮ সাল পর্যন্ত। নেইমার এখন বার্ষিক ৯০ লাখ ইউরোর কাছাকাছি বেতন পান, বার্সা এটি দ্বিগুণেরও বেশি করতে রাজি। নেইমার যেমন খেলছেন, সেটাই অবশ্য স্বাভাবিক। সোনার ডিম পাড়া হাঁসকে কে হাতছাড়া করতে চায়? কিন্তু উয়েফার আর্থিক নীতি লঙ্ঘন না করে নেইমারকে এই বেতনটা বার্সা দিতে পারবে কি না, সেটা নিয়ে তৈরি হয়েছে সংশয়। রিয়াল এখন তাই সুযোগ নিতে চাইছে পরিস্থিতির।
তবে বার্সা দৃশ্যত খুব একটা দুশ্চিন্তা করছে না। পরশুই যেমন ম্যাচের আগে বার্সা কোচ লুইস এনরিকে বললেন, ‘আমার মনে হয় নেইমার খুব দ্রুত নতুন চুক্তি সই করবে।’ বার্সা সহসভাপতি জর্ডি মেস্ত্রে তো একরকম নিশ্চিন্তই, ‘তাকে (নেইমারকে) তো আমার বেশ সুখী মনে হচ্ছে। সে শিরোপা জিতছে, ব্যালন ডি’অরেও গেছে। আমি ওর ক্লাব ছাড়ার কোনো কারণ দেখছি না।’ বল এখন যাঁর কোর্টে, সেই নেইমারও কিছুদিন আগেই বলেছেন, বার্সায় তিনি সুখী। কিন্তু তা হলে চুক্তি সই করছেন না কেন?
পরশুর ম্যাচেই যেমন সমর্থকেরা গলা ফাটিয়ে চেঁচাচ্ছিলেন, ‘নেইমার, যেয়ো না’। বার্সেলোনা ফরোয়ার্ড নিশ্চয়ই সেটা শুনেছেন! গোলডটকম।