নেইমার বনাম এমবাপ্পে মিডিয়ার সৃষ্টি

বিশ্বকাপের হতাশার ধুলো দ্রুতই ঝেড়ে ফেলেছেন নেইমার। ক্লাবে ফিরতেই গোল করছেন, করাচ্ছেন। লিগে টানা তিন ম্যাচেই গোল পেয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। লিগে তিন গোল হয়ে গেছে কিলিয়ান এমবাপ্পেরও। এ-ই হয়েছে এক বিপদ, নেইমারকে নিয়ে আলোচনায় ঘুরে-ফিরে এখন এমবাপ্পের তুলনা চলে আসেই। গত বিশ্বকাপটা নেইমারের হবে বলে ভবিষ্যদ্বাণী ছিল। কিন্তু বিশ্বকাপ হয়ে গেছে এমবাপ্পের।
এ নিয়ে গত কিছুদিন এত এত লেখালেখি হয়েছে, দুজনের সম্পর্কটা বিষিয়ে উঠলেও অবাক হওয়ার কিছু নেই। নেইমারের জন্য অহংয়ে লাগার মতো এমন অনেক প্রসঙ্গও এসেছে। কেউ কেউ তো এমনও লিখেছেন, মেসির ছায়া থেকে বেরোতে গিয়ে নেইমার না এমবাপ্পের ছায়ার আড়ালে চলে যান।
তবে দুজনের ক্লাব সতীর্থ টমাস মুনিয়ের দাবি করছেন, নেইমার বনাম এমবাপ্পে স্রেফ মিডিয়ার সৃষ্টি। ক্লাবের ভেতরের ছবিটা অন্য রকম, ‘ওদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা? এটা শুধু পত্রিকা বেচার কৌশল। তারা দুজনই দুর্দান্ত খেলোয়াড়। দুজনেরই নিজের নিজের এমন কিছু আছে, যেটি আবার অন্যজনের নেই। এমন দুজন খেলোয়াড়কে দলে পেয়ে আমরা খুশিই হতে পারি, আর কিছু নয়। কিলিয়ান কিলিয়ানের মতোই আছে। সব সময় হাসিমুখ, শান্ত, নিজ দায়িত্বের প্রতি নিষ্ঠাবান।’
এই দলের নেতা এখন নেইমারই, অধিনায়কের বাহুবন্ধনী থাকুক আর না-ই থাকুক। গত পরশুও লিগে অ্যাঁজাকে ৩-১ গোলে হারানোর ম্যাচের নায়ক ছিলেন। গোলের শুরুটা করেছিলেন কাভানি। তবে সেটি ১২ মিনিটে নেইমারের ক্রস থেকে গোলমুখে পাওয়া বল থেকে। ৫১ মিনিটে ভলিতে দুর্দান্ত গোল করে ২-১ করেছেন এমবাপ্পে। বাঁ প্রান্ত থেকে ডি মারিয়ার এরিয়াল ক্রস সরাসরি ভলিতে বল জালে পাঠিয়েছেন রাশিয়া বিশ্বকাপের সেরা উদীয়মান তারকা।
পরে নেইমারকে দিয়ে গোলও করিয়েছেন আগের ম্যাচে গেঁগাঁর বিপক্ষে জোড়া গোল করা এমবাপ্পে। ডান প্রান্ত থেকে ফরাসি এই ফরোয়ার্ডের কাট ব্যাক দেখে শুনে শুধু জালে রেখেছেন নেইমার। বুঝিয়ে দিয়েছেন, নেইমার বনাম এমবাপ্পে আসলেই মিডিয়ার সৃষ্টি!