নেইমার-বার্সা চুক্তি কেন ঝুলে আছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারকে এই জার্সিতেই রেখে দিতে চায় বার্সা সমর্থকেরা। ফাইল ছবি
নেইমারকে এই জার্সিতেই রেখে দিতে চায় বার্সা সমর্থকেরা। ফাইল ছবি

‘নেইমার সই করবেন’, ‘নেইমার সই করবেন না’! বেশ দোলাচলে আছে বার্সেলোনা সমর্থকেরা। মাঝখানে ‘গল্প’টাকে ত্রিভুজ প্রেমের টানাপোড়েন দিচ্ছে রিয়াল মাদ্রিদের আগ্রহ। বার্সেলোনা হেসে উড়িয়ে দিয়ে বলছে, ‘রিয়াল?

ফুহ। নেইমার কোথাও যাচ্ছে না। নেইমার তো আর ফিগো নয়।’ নেইমার বলছেন, ‘হে বার্সা সমর্থকেরা, অত দুশ্চিন্তার কিছু নেই। আমি ন্যু ক্যাম্পেই থাকছি।’ সবই য​​দি এতটাই সরল থাকে, তাহলে কেন এই চুক্তির প্রক্রিয়া চার মাসেও শেষ হচ্ছে না? কেন ঝুলে আছে সবকিছু?


নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ আছে ২০১৮ পর্যন্ত। প্রশ্ন করতে পারেন, তাহলে কেন নতুন চুক্তি? সেটা সব খেলোয়াড়ের সঙ্গেই হয়। চুক্তির মেয়াদ টাটকা থাকতে থাকতেই আরও পাঁচ বছরের জন্য নবায়ন করে ফেলে ক্লাবগুলো। সে জন্যই নেইমারকে গত সেপ্টেম্বরে নতুন করে ৫ বছরের চুক্তি প্রস্তাব করেছিল বার্সা। যে চুক্তি অনুযায়ী লিওনেল মেসির পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার হওয়ার কথা নেইমারেরই। তার মানে ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়েও বেশি হবে তাঁর বেতন। তবু কেন নেইমার এখনো সইটা করে ফেলছেন না?

কয়েকটি কারণ খুঁজে পাওয়া যাচ্ছে। প্রথম কারণটি সহজেই অনুমেয়—কর জটিলতা। সান্তোস ছেড়ে বার্সেলোনায় আসার সময়ে দলবদলের ফি নিয়ে যে জটিলতায় পড়লেন, এ থেকে যেন আর মুক্তিই মিলছে না নেইমারের।

স্পেন ও ব্রাজিলে দুটি ভিন্ন মামলা চলছে। কদিন আগেই ব্রাজিলের আদালত নেইমারের প্রায় ৪২ মিলিয়ন ইউরো সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এত আইন-আদালত করতে হওয়ায় কিছুটা বিরক্ত নেইমারের পরিবার। গত ডিসেম্বরে নেইমারের বাবা তো বলেই ফেলেছিলেন, মামলা থেকে বাঁচতে শেষ পর্যন্ত হয়তো স্পেনই ছেড়ে যেতে হবে তাঁদের।

নেইমারের তরফ থেকে এই নাকি সমস্যা। কিন্তু বার্সাও যে খুব আগবাড়িয়ে চুক্তিটা করে ফেলতে চাইছে এমনও নাকি নয়। স্পেনের আর্থিক সংকটের প্রভাব পড়েছে বার্সার ওপরও। দলবদলের বাজারে গত কয়েক মৌসুমে প্রচুর খরচা করে ফেলেছে বার্সা। এর সঙ্গে তারকাদের বেতন তো আছেই। মেসি-নেইমারদের বেতন বাড়াতে গিয়ে ভবিষ্যতে বার্সা আরও আর্থিক সংকটে পড়ে যেতে পারে। ক্লাবের হিসাবরক্ষকেরা সতর্ক করছেন।

আর্থিক সংকট মেটাতেই শত বছরের ঐতিহ্যকে জলাঞ্জলি দিয়ে কাতার এয়ারওয়েজকে নিজেদের জার্সি স্পনসর বানাতে বাধ্য হয়েছিল ক্লাবটি। এ নিয়ে এখনো চলছে বিতর্ক। বিশেষ করে কাতার বিশ্বকাপ নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগের পর দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বার্সা সম্পর্ক অটুট রাখবে কি না, এ নিয়েও বিতর্ক হচ্ছে। কাতারের প্রতিষ্ঠানটিকে বাদ দিয়ে নতুন কোনো স্পনসর খুঁজছে বার্সেলোনা। কিন্তু সেটি এখনো ঠিক না হওয়ায় বার্সার নতুন মৌসুমের জার্সি তৈরির কাজ শুরু করে দিতে পারছে না তাদের আরেক জার্সি স্পনসর নাইকি।

এ নিয়ে নাইকি হতাশ। ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানটির সঙ্গে বার্সেলোনার চুক্তির বার্ষিক পর্যালোচনাও হবে কয়েক দিন পর। বার্সা কর্মকর্তাদের ভয়, জার্সির ডিজাইন তৈরিতে এই দেরির কারণে হয়তো কোম্পানিটির বার্ষিক অনুদানের পরিমাণ কমে যেতে পারে। তাতে বার্সার আর্থিক সংকট আরও বাড়বে। এ জন্যই নাইকির সঙ্গে চুক্তি পর্যালোচনা পর্যন্ত অপেক্ষা করছে বার্সা। এরপরই নাকি চুক্তি নেইমারের সঙ্গে।

ক্লাব সমর্থকদের এত সব হিসাব নিকাশ করতে বয়েই গেছে। তারা চান দ্রুত জটিলতার অবসান। সূত্র: ফক্স স্পোর্টস, স্কাই স্পোর্টস।