নেইমার-বিতর্ক গেল ফিফায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার
নেইমার

সান্তোসের অভিযোগের পর ফিফাও এখন নেইমারের দলবদল নিয়ে তদন্ত করে দেখার ঘোষণা দিয়েছে
নেইমারের দলবদল নিয়ে তো কম তো জলঘোলা হয়নি। খুব সম্ভবত দলবদলের ইতিহাসেই এর চেয়ে বেশি আলোচনা আর কোনোটি নিয়ে হয়নি। সান্তোস থেকে নেইমারের বার্সেলোনায় আসা নিয়ে বিতর্ক এখনো চলছে। সান্তোসের অভিযোগের পর ফিফাও এখন ব্যাপারটা তদন্ত করে দেখার ঘোষণা দিয়েছে।
বোমাটা ফাটিয়েছিল স্প্যানিশ দৈনিক এল মুন্দো। গত বছর এক প্রতিবেদনে তারা দাবি করেছিল নেইমারকে কিনতে আসলে ৫ কোটি ৭০ লাখ নয়, ৯ কোটি ৫০ লাখ ইউরো খরচ হয়েছে বার্সেলোনার। কর ফাঁকি দিতেই ব্যাপারটা গোপন করেছে বার্সেলোনা। শেষ পর্যন্ত বার্সাকে অতিরিক্ত কর দিয়েই ব্যাপারটা মেটাতে হয়েছে।
কিন্তু দুই দিন আগেই সান্তোস দাবি করল, নেইমার তাদের সঙ্গে চুক্তির শর্ত ভঙ্গ করেছে। বার্সা স্ট্রাইকারের ছয় মাসের নিষেধাজ্ঞাও চেয়েছে ব্রাজিলের ক্লাবটি। ব্যাপারটা শেষ পর্যন্ত গড়াল ফিফা পর্যন্ত। রয়টার্সের বরাত দিয়ে ফিফা এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, নেইমার ও বার্সেলোনার ব্যাপারটা খতিয়ে দেখার জন্য ফিফার কাছে অনুরোধ করেছে সান্তোস।
সান্তোস অবশ্য পরে জানিয়েছে, তারা আসলে নেইমারের নিষেধাজ্ঞার কথা বলেনি। সাবেক খেলোয়াড়ের ‘ক্ষতি’ করার কোনো ইচ্ছাও তাদের নেই। তাদের দাবি, নেইমারের দলবদলে তাদের প্রাপ্য টাকা দেওয়া হয়নি। এল মুন্দো জানিয়েছিল, নেইমারের জন্য সান্তোস পেয়েছে মাত্র ১ কোটি ৭০ লাখ ইউরো। আর সান্তোসের দাবি, তারা আসলে পাবে সাড়ে ৫ কোটি ইউরো।
পরশু বার্সেলোনার সংবাদ সম্মেলনেও এ নিয়ে একটি প্রশ্ন ছুটে গেছে লুইস এনরিকের কাছে। বার্সা কোচ জবাবটা দিয়েছেন রসিকতা করে, ‘ছয় মাস? আমার তো মনে হয় ওর ছয় বছর নিষিদ্ধ হওয়া উচিত।’ মার্কা, রয়টার্স।