নেইমার বোঝালেন তাঁর দাম!

ম্যাচটিতে চোখ থাকার কথা ছিল আর্নেস্তো ভালভার্দের দিকে। এই মৌসুমে অ্যাথলেটিক বিলবাও ছেড়ে আসা স্প্যানিশ কোচের কালই প্রথম বার্সেলোনার ডাগআউটে বসা।
আলোচনায় থাকার কথা ছিল লিওনেল মেসিরও। ম্যাচের ভেন্যু যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামেই বছরখানেক আগে শতবর্ষপূর্তি কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরেছিলেন, টাইব্রেকারে গোল করতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। হারের পর অবসরের ঘোষণাও দিয়েছিলেন।
কিন্তু জুভেন্টাসের বিপক্ষে কাল বার্সেলোনার প্রাক্-মৌসুম প্রস্তুতি ম্যাচে সব আলো যে কেড়ে নিয়েছেন একজনই—নেইমার!
তাঁর রিলিজ ক্লজের ২২২ মিলিয়ন ইউরো দিয়েই বার্সার কাছ থেকে তাঁকে ছিনিয়ে নিতে চায় পিএসজি—কদিন ধরে ফুটবল-বিশ্বে চলছে এই জল্পনা। নাটকও কম হচ্ছে না! এই শোনা যায় নেইমার পিএসজিতে যাচ্ছেন, তো পরমুহূর্তেই খবর আসে, নাহ্, বার্সেলোনার জার্সিই গায়ে থাকছে তাঁর। এত রহস্য, এত নাটকের মধ্যেই কাল জুভেন্টাসের বিপক্ষে প্রথমার্ধের ৪৫ মিনিট খেললেন নেইমার। কী খেললেন! মেটলাইফ স্টেডিয়ামের ৮২ হাজারেরও বেশি যাওয়া দর্শক তাতে মুগ্ধ। বিস্মিত। উচ্ছ্বসিত বার্সেলোনা ও পিএসজি দুই দলের ভক্তরা, একই সঙ্গে শঙ্কিতও।
পুরো মৌসুমের বড় ক্যানভাসে তাকালে এই প্রীতি ম্যাচটির গুরুত্ব হয়তো কিছুই নয়। তবে কাল বার্সার ২-১ গোলে জয়ের ম্যাচে নেইমার যেন ক্লাবকে বুঝিয়ে দিলেন, তিনি চলে গেলে কী হারাবে বার্সা। আর পিএসজি সমর্থকদের করলেন আশান্বিত যে তাঁকে পেলে একটা রত্নই পাবে প্যারিসের ক্লাবটি।
বার্সার দুটি গোলই তাঁর, দ্বিতীয়ার্ধে জুভেন্টাসের গোলটা করেছেন জর্জো কিয়েল্লিনি। তবে গোল নয়, গোলের ধরনটাই চিনিয়েছে আসল নেইমারকে। ম্যাচের ১৫ মিনিটে করেছেন প্রথম গোলটি। মেসির পাস পান বক্সের বাইরে, এরপর পাকো আলকাসারের সঙ্গে দেওয়া-নেওয়া করে বক্সে ঢুকে দুর্দান্ত গোল। তা এটি যদি দুর্দান্ত হয়, ১০ মিনিট পর নেইমারের দ্বিতীয় গোলটি অবিশ্বাস্য!
এবারও মেসির পাস, এবারও বক্সের বাইরে নেইমার। কিন্তু এবার আর অন্য কারও সাহায্য নিয়ে নয়, একাই ঘোল খাইয়ে ছেড়েছেন জুভেন্টাসের রক্ষণকে! ছয় ডিফেন্ডার আটকানোর চেষ্টা করেছিলেন, বল পায়ে সাপের মতো আঁকাবাঁকা দৌড়ে নেইমার একে একে পেরিয়ে যান সবাইকে। জিয়ানলুইজি বুফন গোলপোস্ট ছেড়ে এসেছিলেন, তাতেও নেইমারকে আটকানো যায়নি। একটু জায়গা পেয়েই দুর্দান্ত শট! ধারাভাষ্যকারও বলছিলেন, ‘তাঁর সম্ভাব্য দলবদল মূল্য যদি আকাশছোঁয়া হয়, তবে এই গোলটা অন্য গ্রহের!’
মোহাবিষ্ট করে রাখার মতো গোল। তবে টুইটারজুড়ে বার্সেলোনা সমর্থকেরা পড়েছেন দ্বিধায়। কারও চোখে, এই পারফরম্যান্সে নেইমার বুঝিয়ে দিলেন, ওসব গুঞ্জন পাত্তা না দিয়ে বার্সাতেই তাঁর মনোযোগ নিবিষ্ট। আর কেউ শঙ্কায়, পিএসজি তো এমন পারফরম্যান্সের পর আরও আটঘাট বেঁধে নামবে নেইমারকে পেতে! সে ক্ষেত্রে ভালভার্দের কথাগুলো যদি শঙ্কিত বার্সা সমর্থকদের একটু স্বস্তি দেয়! ম্যাচের পর বার্সেলোনা কোচ বলেছেন, ‘বার্সেলোনা কোনোভাবেই নেইমারকে যেতে দিতে পারে না! ও ম্যাচে কতটা প্রভাব ফেলে, ড্রেসিংরুমেও, সেটা আমরা জানি। ওকে আমাদের দরকার!’ মার্কা, এএফপি।