নেইমার মাঠে রোববার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিএসজির অনুশীলনে যেন এক টুকরো ব্রাজিল—সতীর্থ দানি আলভেজ, মারকিনহোস ও থিয়াগো সিলভার সঙ্গে নেইমার। গতকাল প্যারিসে l এএফপি
পিএসজির অনুশীলনে যেন এক টুকরো ব্রাজিল—সতীর্থ দানি আলভেজ, মারকিনহোস ও থিয়াগো সিলভার সঙ্গে নেইমার। গতকাল প্যারিসে l এএফপি

আমিয়েঁর বিপক্ষে গত শনিবার লিগে পিএসজির প্রথম ম্যাচটা নেইমার দেখেছেন দর্শকের চোখে। এডিনসন কাভানি গোল করেছেন, গ্যালারিতে নেইমার উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছেন। ২-০ ব্যবধানের জয়ে হাভিয়ের পাস্তোরের গোলটির সময়ও একই দৃশ্য! কিন্তু পিএসজির সমর্থকেরা তো নেইমারকে ‘চিয়ারলিডারে’র ভূমিকায় দেখতে চান না! তাঁদের চাওয়া নেইমার মাঠে খেলবেন, গোল করবেন আর তাঁরা নেইমারের নামে গলা ফাটাবেন। তাঁদের সেই অপেক্ষা ফুরোতে পারে আগামীকালই।

নেইমারের পিএসজি-অভিষেকের বাধা ছিল দলবদলের আন্তর্জাতিক সনদ। সেটি ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের কাছে (এফএফএফ) জমা পড়েনি বলে গত শনিবার খেলতে পারেননি। এফএফএফের কাছে সেই সনদ আসবেই-বা কীভাবে! বার্সেলোনা যে সনদটি তখনো স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) দেয়নি। ২২২ মিলিয়ন ইউরোর চেক আগেই পেয়েছিল বার্সেলোনা। তবে ব্যাংকে চেক গ্রহণের প্রক্রিয়াটা তখনো শেষ হয়নি বলে নেইমারের দলবদলের সনদ দেয়নি বার্সা। কাল সেটি হয়েছে। এবার বার্সাকে নেইমারের দলবদলের সনদ দিতেই হবে। সেই সনদ এফএফএফের কাছে পৌঁছালেই পিএসজির হয়ে মাঠে নামতে আর বাধা থাকবে না।

সনদটা আগে পেলে নেইমারের পিএসজি-অভিষেক হতো ঘরের মাঠেই। সেটি হয়নি ওই কাগুজে ঝামেলায়। সেই ঝামেলা মিটে যাওয়ায় নেইমারকে পরের ম্যাচেই খেলাতে চাইবেন পিএসজির কোচ উনাই এমেরি। পিএসজির পরের ম্যাচটি গেগাঁর মাঠে। পিএসজির হয়ে কয়েকটি ম্যাচ খেলেই আবার ব্রাজিলে ছুটতে হবে নেইমারকে। আগামী ৩১ আগস্ট ও ৫ সেপ্টেম্বর রয়েছে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ। ঘরের মাঠে প্রথম ম্যাচটি ইকুয়েডরের বিপক্ষে। ১৪ রাউন্ড শেষে ৩৩ পয়েন্ট নিয়ে বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষে থাকা ব্রাজিল পরের ম্যাচটি খেলবে কলম্বিয়ার মাঠে।

নেইমার নামটি উঠলেই এখন একটি বিষয় সামনে চলে আসে। রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে তাঁর পিএসজিতে নাম লেখানো নিয়ে কথা বলতে হয়েছে ব্রাজিল কোচ তিতেকেও। নেইমারের দলবদল ব্রাজিল দলে কোনো প্রভাব ফেলবে না বলেই মনে করেন তিনি, ‘নতুন চ্যালেঞ্জ নিতে চেয়েছে ও। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আনন্দ নিয়ে খেলে যেতে হবে। ওর এই দলবদলের কারণে ব্রাজিল দলে কোনো পরিবর্তন হবে না।’

নেইমার পিএসজিতে নাম লিখিয়ে ব্রাজিলের জন্য একদিক দিয়ে ভালোই করেছেন। ইকুয়েডর ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দুটির দলে নেইমারের সঙ্গে আছেন পিএসজির আরও তিনজন—মারকিনহোস, থিয়াগো সিলভা ও দানি আলভেজ। ক্লাব দলে একসঙ্গে খেলার কারণে ব্রাজিল দলে এই চারজনের বোঝাপড়াটা থাকবে ভালো। এএফপি।