নেইমার রিয়ালে যাচ্ছেন? আশঙ্কা লেকিপের
নেইমারের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন থেকে দূরে থাকতে পারল না লেকিপ। ফ্রান্সের শীর্ষ ক্রীড়া পত্রিকাটিও জানাচ্ছে, এক বছরের বেশি নেইমার নামের এই হিরের টুকরোটাকে হয়তো ধরে রাখতে পারবে না পিএসজি। এবারের গ্রীষ্মেই নেইমার স্পেনে ফিরে যেতে পারেন। সেখানে তাঁর সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ।
এক মাসেরও বেশি সময় ধরে নেইমারের রিয়ালে নাম লেখানোর গুঞ্জন চলছে। গুঞ্জন একসময় থিতিয়ে আসে। কিন্তু নিত্যনতুন এই গুঞ্জনে জ্বালানির জোগান চলছে। নিজের সর্বশেষ ম্যাচে নিজে ৪ গোল করে দুই গোল করিয়েও পিএসজি সমর্থকদের দুয়ো শুনেছেন নেইমার; কাভানিকে পেনাল্টি নিতে দেননি বলে। সেই রাতে মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়া নেইমার টিভি সম্প্রচারকদের সাক্ষাৎকারের প্রস্তাবও নাকচ করে দেন। ব্যাপারটা যে একদমই ভালো লাগেনি, লুকোনোর কোনো চেষ্টা ব্রাজিল তারকা করেননি।
লেকিপ আরও একটি কারণে নেইমারের স্পেনে ফিরে যাওয়ার সম্ভাবনা দেখছে। ফ্রান্সের ফুটবল অতি রক্ষণাত্মক। ডিফেন্ডাররা শরীরনির্ভর। স্পেনে তুলনামূলক কম শরীরনির্ভর খেলা হয়। যদিও সেখানেও ডিফেন্ডাররা চড়াও হতেন নেইমারের ওপর। মন যখন উঠে যায়, তখন অনেক ছোট বিষয়ও বড় মনে হতে থাকে।
নেইমার যে একসময় রিয়ালে আসবেন, এ যেন নিয়তি নির্ধারিতই। নেইমারও ভালো করে জানেন, ইউরোপের ফুটবলে অনেক পিছিয়ে থাকা লিগে ভূরি ভূরি গোল করে আরাধ্য ব্যালন ডি’অর জিততে পারবেন না। কাভানি-ইব্রাহিমোভিচরা সেভাবে আলোচনায় আসেননি এর আগে গোলের ফোয়ারা ছুটিয়েও। ফলে পিএসজির হয়ে ব্যালন ডি’অর জিততে হলে চ্যাম্পিয়নস লিগ জেতাতেই হবে নেইমারকে।
ওদিকে রিয়ালও মরিয়া। সর্বশেষ কাল লেগানেসের মতো ছোট দলের কাছে নিজেদের মাঠে হেরে কোপা ডেল রে থেকে বিদায় যেন পাগলাঘণ্টি বাজিয়ে দিয়েছে। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নাকি গোপন জরুরি বৈঠক ডেকেছেন। রিয়ালে কিছু অদলবদল আসন্ন। আগামী মৌসুমে কী করা হতে পারে, সেটিও এখনই ঠিক করে ফেলবেন পেরেজ। তাঁর সেই তালিকায় নেইমারকে উড়িয়ে নিয়ে আসা যে শীর্ষে থাকবে, তাতে কোনো সন্দেহ নেই।