নেইমার, সুয়ারেজ, নেইমার এবং মেসি!

মোটেও খারাপ খেলেনি রিয়াল সোসিয়েদাদ। কিন্তু তারপরেও গতকাল ৪-০ গোলে ম্যাচটি হেরেছে! বিস্মিত হচ্ছেন? প্রতিপক্ষ বার্সেলোনা হলে যে ভালো খেলেও ৪-০ গোলে হারতে হয়! এটা বিস্ময়ের নয় খুব একটা। ‘এমএসএন’ ত্রয়ীর বিপক্ষেও দাঁতে দাঁত চেপে শেষ পর্যন্ত লড়েছে সোসিয়েদাদ।
রিয়াল মাদ্রিদ ও এএস রোমার মতো ফুটবল পরাশক্তিকে টানা দুই ম্যাচে নাকানিচুবানি খাইয়েছে বার্সেলোনা। অন্য গ্রহের ফুটবল খেলছে দলটি। নেইমার, লুইস সুয়ারেজ, লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তারা যে ফর্মে ছিলেন তাতে গোল বন্যায় ভেসে যাওয়ার কথা ছিল সোসিয়েদাদের। কিন্তু প্রথম থেকেই হার না মানার মানসিকতা দেখিয়েছে দলটি। কিন্তু এমএসএন ত্রয়ীর কাছে যে এখন পাত্তা পাচ্ছেই না কোনো দল। মেসি, নেইমার ও সুয়ারেজের দেওয়া গোলেই জয় পেয়েছে বার্সেলোনা।
নিজেদের মাঠে খেলা। প্রথম থেকেই সোসিয়েদাদের রক্ষণ ভাগে হামলে পড়ে বার্সা। তৃতীয় মিনিটেই গোল পেয়ে যেতে পারত তারা। কিন্তু সুয়ারেজের শটটি অসাধারণ ভাবে ঠেকিয়ে দিলেন গোলরক্ষক রুয়ি। ১১ মিনিটে নেইমারের শটটিও ঠেকিয়ে দেন তিনি। ১৩ মিনিটে অবশ্য সুয়ারেজকে গোল বঞ্চিত করল গোলবার। এমন আক্রমণের মুখেও হাল ছাড়েনি সোসিয়েদাদ। পালটা আক্রমণ করে ভালোই জবাব দিচ্ছিল তারা। কিন্তু ২২ মিনিটের মাথায় আর কাজ হলো না। মেসির জাদুকরি ছোঁয়ায় বল গেল দানি আলভেজের কাছে। তাঁর পাওয়া পাস থেকে গোলের মুখ খুললেন নেইমার। গোলের পর বার্সেলোনার আক্রমণ যেন বেড়ে গেল আরও। কিন্তু একের পর আক্রমণ ঠেকিয়ে যাচ্ছিলেন রুয়ি। ৪১ মিনিটে আর পারলেন না, আবারও আলভাজের পাস, আর সেই পাস থেকে সুয়ারেজের দুর্দান্ত গোল।
বিরতির পরেও খেলার ধারায় আসেনি কোনো পরিবর্তন। একের পর এক আক্রমণ করে যাচ্ছে বার্সেলোনা আর তার পালটা জবাব দিয়েছে সোসিয়েদাদ। কিন্তু দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে ইনিয়েস্তার পাস থেকে বল পেলেন ম্যাথু। ম্যাথুর পা ঘুরে বল এল নেইমারের কাছে। নিজের দ্বিতীয় গোলটি পেতে একটুকু ভুল করেননি নেইমার। এরপর খেলায় যা হয়েছে তা হলো বার্সেলোনার আক্রমণ এবং মেসির কোনোভাবেই গোল না পাওয়ার গল্প। বার্সা একের পর এক আক্রমণ করেই যাচ্ছে এবং কোনো না কোনো ভাবে গোল বঞ্চিত হচ্ছেন মেসি!
৮৫ মিনিটের মাথায় যখন মেসির শটটি বারে লেগে ফিরে এল, তখন মনে হচ্ছিল আজ আর গোল পাবেন না মেসি। কিন্তু দুই বন্ধু নেইমার-সুয়ারেজ তা আর হতে দেননি। যোগ করা সময়ের প্রথম মিনিটে দুজনে মিলে থালায় সাজিয়ে খাবারের মতো গোল বানিয়ে দিলেন মেসিকে। বিশ্বসেরা খেলোয়াড়ের পক্ষে এমন সুযোগ নষ্ট করা তো সম্ভব নয়। গোল পেয়ে গেলেন মেসিও। ‘এমএসএন’ ত্রয়ীর সবার গোল পাওয়ার মধ্য দিয়েই তাই শেষ হলো ম্যাচটি।
লিগের অন্য ম্যাচে আঁতোয়ান গ্রিজমানের একমাত্র গোলে এস্পানিওলকে হারিয়েছে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ।
স্প্যানিশ লিগে যেমন বার্সেলোনা, জার্মান লিগে তেমনি বায়ার্ন মিউনিখ। জয়রথ যেন থামছেই না। একদিক থেকে তো বার্সার চেয়েও এগিয়ে বায়ার্ন। বুন্দেসলিগায় এখনো অপরাজিত তারা। রেকর্ডটি অটুট থাকল কালও। টমাস মুলার আর কিংসলে কোমানের গোলে ঘরের মাঠে বাভারিয়ানরা হারিয়েছে হার্থা বার্লিনকে।
বায়ার্নের মতো লিগে এখনো অপরাজিত প্যারিস সেন্ট জার্মেইঁও। এখনই শিরোপার সুবাস পাচ্ছে পিএসজি—এটি বললেও খুব বেশি বোধ হয় বাড়াবাড়ি হবে না। লিগের ১৫ তম রাউন্ডে কাল ট্রয়েকে ৪-১ গোলে হারিয়ে যে এরই মধ্যে ১৫ পয়েন্টে এগিয়ে গেছে ইব্রাহিমোভিচের দল।
ইতালিয়ান লিগে একই ব্যবধানে জিতেছে এসি মিলান। কোচ সিনিসা মিহাইলোভিচের সাবেক ক্লাব সাম্পদোরিয়াকে উড়িয়ে দিয়ে পয়েন্ট তালিকার পাঁচে চলে এসেছে মিলান।
তবে এত এত বড় দল, বড় জয়ের দিনেও ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় খবর হয়ে থাকছে একটি ড্র হওয়া ম্যাচ, বিশেষ একজনের কারণে। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে গোল করে যে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন লেস্টার সিটি স্ট্রাইকার জেমি ভার্ডি। প্রিমিয়ার লিগে টানা ১১ ম্যাচে গোল করে রেকর্ডটা কেড়ে নিলেন ইউনাইটেডেরই সাবেক স্ট্রাইকার রুদ ফন নিস্টলরয়ের কাছ থেকে। ডাচ স্ট্রাইকারের রেকর্ডটা ছিল টানা দশ ম্যাচে গোল করার। তবে ভার্ডির রেকর্ডটার মাহাত্ম্য একটু বেশিই—ইংলিশ স্ট্রাইকার যে গোল করেছেন এক মৌসুমেরই টানা ১১ ম্যাচে। নিস্টলরয়ের রেকর্ডটা এসেছিল দুটি ভিন্ন মৌসুমের দশ ম্যাচে (২০০২ / ০৩ মৌসুমে শেষ আট ম্যাচ ও ২০০৩ / ০৪ মৌসুমের প্রথম দুই ম্যাচ)।
রেকর্ড গড়ার দিনেও দলকে জেতাতে না পারায় প্রিমিয়ার লিগের শীর্ষস্থানটা খোয়াতে হলো ভার্ডির দলকে। এই দুই দলকে পয়েন্ট তালিকার দুই ও তিনে রেখে শীর্ষে ফিরে গেছে ম্যানচেস্টার সিটি। তথ্যসূত্র: ইএসপিএন।