নেইমার-সুয়ারেজের বাজির মীমাংসা হলো না

কথা ছিল—যিনি জিতবেন, তাঁকে বার্গার কিনে খাওয়াবেন পরাজিত হচ্ছেন যিনি। তবে ব্রাজিলের রেসিফিতে আজ ভোরে ম্যাচটা হয়ে যাওয়ার পর সেই বার্গারটাই খাওয়া হলো না কারও। কেউ জিততেই পারলেন না যে! ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ শেষ হয়েছে ২-২ সমতায়।
জাতীয় দলে এসে প্রতিপক্ষ হয়ে গেলেও ক্লাব বার্সেলোনার তাঁরা প্রাণের বন্ধু। তো বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটা সামনে রেখে দুই বন্ধুই মজা করে এই বার্গার বাজি ধরেছিলেন। যে বাজির মীমাংসা করতে হলে এখন আরও একটা ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের অপেক্ষায় থাকতে হবে।
জিততে না পারলেও শুরুটা কিন্তু দুর্দান্ত হয়েছিল নেইমারের দল ব্রাজিলের। প্রথম মিনিটেই উইলিয়ানের দারুণ ক্রসে শুয়ে পড়ে পা বাড়িয়ে বল জালে জড়িয়ে দেন বায়ার্ন মিউনিখের উইঙ্গার ডগলাস কস্তা। ম্যাচের ২৬ মিনিটে নেইমারের পাসে ব্যবধান বাড়ান রেনাতো আগুস্তো। ব্রাজিল তখন এগিয়ে ২-০ গোলে।
কিন্তু নাটকের যে তখনো অনেক বাকি! পাঁচ মিনিট পরেই এডিনসন কাভানির গোলে ব্যবধান ২-১ করে ফেলে অতিথি দল। বাকি গল্পটা সুয়ারেজের। ব্রাজিল বিশ্বকাপে ইতালিয়ান ডিফেন্ডার জর্জো কিয়েলিনিকে কামড় দিয়ে নিষিদ্ধ হওয়ার প্রায় এক বছর নয় মাস পর আবারও দেশের জার্সিটা গায়ে নামার সুযোগ পেলেন। এমন একটা উপলক্ষে মনে রাখার মতো কিছু না করলে কি চলে! প্রথমার্ধেই সুযোগ পেয়েছিলেন বেশ কয়েকটা, কিন্তু গোল পাননি। তবে ৪৮ মিনিটে বাঁ দিক থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে ম্যাচে সমতা ফেরান উরুগুইয়ান স্ট্রাইকার। জাতীয় দলের হয়ে ৮৩ তম ম্যাচে এটি তাঁর ৪৫ নম্বর গোল।
এ ড্রয়ের ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল উরুগুয়ে, সমান ম্যাচে ৮ পয়েন্ট ব্রাজিল, আর্জেন্টিনা ও প্যারাগুয়ের। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইকুয়েডর। এএফপি।