নেইমার হতে চান না ব্রাজিলের এই কিশোর প্রতিভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সান্তোসের অনুশীলনে রদ্রিগো। ছবি: টুইটার
সান্তোসের অনুশীলনে রদ্রিগো। ছবি: টুইটার
>

ব্রাজিলের তরুণ প্রতিভা রদ্রিগোকে কিনেছে রিয়াল মাদ্রিদ। ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড জানালেন, নতুন নেইমার কিংবা রবিনহো হওয়া কোনো ইচ্ছেই তাঁর নেই

বার্সেলোনা অনেকদিন তাঁর পেছনে লেগে ছিল। এ ছাড়া আগ্রহ দেখিয়েছে লিভারপুল ও পিএসজিও। কিন্তু শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের ভাগ্যেই শিকে ছিঁড়েছে গত মাসে। সান্তোস থেকে ব্রাজিলের তরুণ প্রতিভা রদ্রিগোকে ৪৫ মিলিয়ন ইউরোয় কিনেছে রিয়াল। চুক্তি অনুযায়ী সান্তোসে ৩০ জুন, ২০১৯ সাল পর্যন্ত থাকার পর মাদ্রিদে চলে আসবেন ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। বয়স যাই হোক এই কিশোর ফুটবলার কিন্তু তাঁর কথাবার্তায় বেশ পরিণত। অন্য কারও পথ অনুসরণ নয়, রদ্রিগো নিজের মতো করেই একদিন বিশ্বসেরা হতে চান।

সান্তোসের হয়ে ১৬ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক ঘটেছে রদ্রিগোর। অনেকেই তাঁকে দেখছেন পেলে, রবিনহো ও নেইমারদের উত্তরসূরি হিসেবে। ব্রাজিলের ক্লাবটি থেকে এভাবেই উঠে এসে বিশ্ব মাত করেছেন তাঁরা। যদিও রবিনহো প্রত্যাশার দাবি মিটিয়ে সেভাবে আলো ছড়াতে পারেননি। কিন্তু ক্যারিয়ারের শুরুতে রবিনহোকে নিয়েও আশার জাল বুনেছেন অনেকেই। রদ্রিগো তাই বেশ সাবধানি। এগোতে চান ধাপে ধাপে। রিয়ালে সই করাকে আপাতত ‘একটি লক্ষ্য পূরণ’ ধরে নিচ্ছেন তিনি। এখন তাঁর লক্ষ্য কাতার বিশ্বকাপে ব্রাজিল জাতীয় দলের প্রতিনিধিত্ব করা এবং বিশ্বসেরা হওয়া। তবে সেটি নিজের মতো করে।

সান্তোস-ফ্লামেঙ্গো ম্যাচের এক ফাঁকে সংবাদমাধ্যমকে রদ্রিগো বলেন, ‘ইউরোপের একটি বড় ক্লাবের সঙ্গে চুক্তি করে আপাতত একটি লক্ষ্য পূরণ হয়েছে। এখন আমরা লক্ষ্য হলো ব্রাজিল জাতীয় দলে জায়গা করে নিয়ে একদিন বিশ্বসেরা হওয়া।’ রাশিয়া বিশ্বকাপের শেষ আট থেকে ব্রাজিলের ছিটকে পড়া দেখেছেন রদ্রিগো। লক্ষ্যটা তখনই নির্ধারণ করে ফেলেন তিনি, ‘ব্রাজিল যেদিন বাদ পড়ল, সেদিন বাবাকে বলেছি, এখন আমাদের অনেক অনুশীলন করতে হবে। কারণ ওখানে (কাতার) থাকতে হবে।’

ব্রাজিলে নতুন প্রতিভার সন্ধান মিললেই তাঁকে পেলে, রোনালদো কিংবা নেইমারদের সঙ্গে তুলনা করা হয়। রদ্রিগোর ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি। নতুন পেলে না নেইমার, নাকি রবিনহো—প্রতিনিয়তই তাঁকে এমন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। রদ্রিগো্ কিন্তু তা সামলাচ্ছেন দারুণভাবে, ‘এসব কথাই আমাকে সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা হয়। কিন্তু আমি নতুন নেইমার কিংবা রবিনহো হতে চাই না, আমি রদ্রিগো।’