নেইমার হাসির পাত্র উইম্বলডনেও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাটিতে গড়াগড়ি খাচ্ছেন বোর্কমান। ছবি: টুইটার
মাটিতে গড়াগড়ি খাচ্ছেন বোর্কমান। ছবি: টুইটার
>

বিশ্বকাপে নেইমারের ‘ডাইভ’ দেওয়ার প্রবণতা নিয়ে সমালোচনার সঙ্গে নানা রসিকতাও হচ্ছে। তেমনই এক রসিকতা করলেন সুইডেনের সাবেক টেনিস খেলোয়াড় ইয়োনার্স বোর্কমান। উইম্বলডনের সিনিয়র ডাবলসের তৃতীয় রাউন্ডে নেইমারের ‘ডাইভ’ দেওয়ার অনুকরণ করেন তিনি

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এসেছিলেন বিশ্বকাপে। ফিরে গেছেন খালি হাতে। একটু ভুল হলো। দেশে নিয়ে গেছেন একরাশ সমালোচনা আর উপহাস। সেটি মাঠে প্রতিপক্ষের বাধায় তাঁর বারবার পড়ে যাওয়ার ‘ভান’ করার জন্য। বুঝতেই পারছেন কথা হচ্ছে নেইমারকে নিয়ে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ‘ডাইভ’ দেওয়ার প্রবণতা নিয়ে সমালোচনা, হাসিঠাট্টা যেন থামছেই না!

নেইমারের ‘ডাইভ’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা ‘ট্রল’। রসিকতা করে অনেকে মজার ভিডিও বানাচ্ছেন। মেক্সিকোর লিগে এ নিয়ে মজার এক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। ২২২ মিলিয়ন ইউরো মূল্যের ফুটবলারকে নিয়ে রসিকতার ঢেউ আছড়ে পড়ল উইম্বলডনেও। ব্যাপারটা যেন নেইমার কেবল এক ফুটবলার নন, অনুকরণযোগ্য এক অভিনেতাও। বৃহস্পতিবার উইম্বলডনের সিনিয়র ডাবলসের তৃতীয় রাউন্ডে ইয়োনার্স বোর্কমানের কাণ্ড দেখলে কিন্তু এমনটাই মনে হয়।

বোর্কমানের সতীর্থ ছিলেন টম উডব্রিজ। ম্যাচের একপর্যায়ে উডব্রিজের শট বোর্কমানের পিঠে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। রসিক বোর্কমান যেন নিজের অভিনয় প্রতিভা দেখাতে এই ক্ষণটুকুর অপেক্ষাতেই ছিলেন! ঘটনার আকস্মিকতা না কাটতেই হুট করে পেট ধরে কোর্টেই শুয়ে পড়েন র‍্যাঙ্কিংয়ে একসময় চারে ওঠা সাবেক এই সুইডিশ। এরপর পেট ধরে তার কী ছটফটানি! ওদিকে তাঁর সতীর্থ আর দুই প্রতিপক্ষ তো হেসেই খুন। হাসির রোল পড়েছে গ্যালারিতেও। বোর্কমান হাত নেড়ে চিকিৎসকের সাহায্যও চেয়েছেন। শেষ পর্যন্ত চিকিৎসকের ভূমিকা নিয়ে তাঁর সেবা-শুশ্রূষা করেছেন প্রতিপক্ষ দলের মানসুর বাহরামি।

নেইমারকে অনুকরণ করে বোর্কমানের এই অভিনয় সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাঁর এই রসিকতার ভিডিও শেয়ারও হয়েছে প্রচুর। তবে নেইমারের যে এই ভিডিও ভালো লাগবে না, তা বলাই বাহুল্য। চোট থেকে পুরোপুরি সুস্থ হওয়ার আগেই বিশ্বকাপে এসে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। এই ‘কাটা ঘায়ে নুনের ছিটা’ হিসেবে যোগ হয়েছে ‘ডাইভ’ দেওয়ার জন্য সমালোচনা। আর নিত্যনতুন যেসব রসিকতা হচ্ছে, তা সহ্য করতে সত্যিই অনেক ধৈর্যের প্রয়োজন।

নেইমারকে নিয়ে বোর্কমানের রসিকতার ভিডিও লিংক: