নেইমার ৪ জাপান ০

ম্যাচটা যেন ব্রাজিলের বিপক্ষে জাপানের ছিল না, ছিল নেইমারের বিপক্ষে জাপানের! আবার জাপানকে প্রতিপক্ষ বলা তো ঠিক হচ্ছে না। হঠাৎ দু-একটা আলগা আক্রমণ বাদ দিলে বাকি সময়টা সিঙ্গাপুর স্টেডিয়ামের অন্য ৫১ হাজার মানুষের মতো তারাও যে দর্শক হয়েই থাকল!
মাঠের সেই অর্ধলক্ষাধিক দর্শক এবং টেলিভিশন ও ইন্টারনেটে চোখ রাখা আরও কোটি চোখে মুগ্ধতা ছড়িয়ে জাপানের জালে এক, দুই, তিন করে চারটি গোল দিলেন নেইমার। হ্যাঁ, একা নেইমার! ব্রাজিলও জিতল ওই ৪-০ ব্যবধানেই। চার দিন আগে বেইজিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর জাপানকে এমন গোলে ভাসিয়ে দেওয়া—কী দুর্দান্তভাবেই না এশিয়া সফর শেষ করল কার্লোস দুঙ্গার দল! দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর তাঁর অধীনে এ নিয়ে চারটি ম্যাচ খেলেছে ব্রাজিল, গোল খায়নি একটিও।

আর্জেন্টিনার বিপক্ষে আগের ম্যাচটায় নেইমার তাঁর মান অনুযায়ী নিষ্প্রভ ছিলেন। অন্তত দুটি গোলের সহজ সুযোগ নষ্ট করেছেন সেদিন। সেই আফসোস যেন জুড়িয়ে নিলেন কাল। ১৮ মিনিটে তারদেল্লির পাস থেকে অসাধারণ প্রথম গোল। এর আগের মিনিটেই তাঁর ফ্রি কিক ফিরে এসেছিল বারে লেগে। গোলের মিনিট দু-এক পরেই আরও একটা দারুণ শট চলে গেছে সাইড পোস্ট ঘেঁষে। নইলে প্রথমার্ধেই হ্যাটট্রিকটা হয়ে যায়।
দ্বিতীয়ার্ধে সেটা ঠিকই হলো। অস্কারের বদলি নামা ফিলিপে কুতিনহোর দারুণ এক পাস থেকে ব্যবধান দ্বিগুণ করলেন। ৭৭ মিনিটে সেই কুতিনহোর জোরালো শট ফিরিয়ে দিয়েছিলেন জাপানের গোলরক্ষক এইজি কাওয়াশিমা। কিন্তু নেইমারের ফিরতি শট আর ঠেকাতে পারলেন না। হ্যাটট্রিক! দেশের হয়ে গত মার্চেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটা হ্যাটট্রিক পেয়েছিলেন। সপ্তাহ দুয়েক আগে লা লিগায় গ্রানাডার বিপক্ষেও হ্যাটট্রিক করেছেন। কাল অবশ্য শুধু হ্যাটট্রিক করেই থামলেন না। ৮১ মিনিটে কাকার দারুণ এক ক্রসে দুর্দান্ত এক হেডে করলেন চতুর্থ গোলটাও। দেশের জার্সি গায়ে প্রথমবারের মতো ম্যাচে চার গোল। ব্রাজিলের হয়ে এর আগে সর্বশেষ এক ম্যাচে চার গোল করেছিলেন রোমারিও, ভেনেজুয়েলার বিপক্ষে ২০০০ সালে। দেশের জার্সি গায়ে ৫৮ ম্যাচে ৪০ গোলও হয়ে গেল নেইমারের। বেবেতোকে (৩৯) পেরিয়ে এখন তিনি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকার ৫ নম্বরে। সামনে জিকো (৪৮), রোমারিও (৫৫), রোনালদো (৬২) ও পেলে (৭২)।
এই হারে গোল করে গেলে ২২ বছর বয়সী নেইমারের পক্ষে তাঁদের সবাইকে পেছনে ফেলে দেওয়াও অসম্ভব কিছু নয়। টেন অ্যাকশন, এএফপি।