নেইমারকে আবার চেয়েছিল রিয়াল
তিন বছর আগে একবার বিফল হয়েছিল তারা। কিছুদিন আগে আরও একবার নেইমারকে দলে নিতে যথাসাধ্য চেষ্টা করেছিল রিয়াল মাদ্রিদ। নেইমারের বাবাই জানিয়েছেন, তাঁর ছেলের নতুন চুক্তির আগে রিয়াল খুবই আগ্রহী ছিল। তবে প্রথমবারের মতো এবারের চেষ্টাও ব্যর্থ হয়েছে রিয়ালের।
কর ফাঁকি-সংক্রান্ত মামলার কারণেই হয়তো নেইমারের নতুন চুক্তিটা অনেক দিন ঝুলে ছিল। সেই চুক্তিটা গত মাসে হয়েছে অবশেষে। কিন্তু তার আগে রিয়াল মাদ্রিদ নেইমারকে নিতে চেয়েছিল। সেটা না হওয়ার কারণটাও নেইমার সিনিয়র স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমি সব সময় বলেছি নেইমার বার্সা ছাড়তে চাইলে আগে ওকে ১৯ কোটি ইউরো দিতে হবে। সেটির যে কর আসবে, সেটাও দিতে হবে। সবকিছু মিলিয়ে মোট খরচ করতে হবে ৪৩ কোটি ইউরো।’ বিশ্ব রেকর্ডের চেয়েও চার গুণ বেশি টাকা শুনেই বোধ হয় রিয়াল আর কথা বলেনি! ইএসপিএন।
তবে নেইমারের বাবা বলেছেন, নেইমারের ক্লাব ছাড়ার ইচ্ছা ছিল না, ‘প্রস্তাবটা ওর কাছে নয়, সরাসরি এসেছিল আমার কাছে। আমি জানি নেইমার থাকতেই চেয়েছিল। টাকাপয়সার কথা চিন্তা করলে সবাই জানে, সে এখানে আসত না। নেইমার এখানে খুশি আছে, তার অনেক বন্ধুও হয়েছে। ওর না থাকা নিয়ে তাই সন্দেহ ছিল না। আমি ওর প্রতিনিধি ও ব্যবসায়িক দিকটা দেখি বলে আমিই একটু দ্বিধায় ছিলাম।’