নেইমারকে ছাপিয়ে নায়ক যখন কুরজাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুরজাওয়ার হ্যাটট্রিকে শেষ ষোলো নিশ্চিত করল পিএসজি। ছবি রয়টার্স।
কুরজাওয়ার হ্যাটট্রিকে শেষ ষোলো নিশ্চিত করল পিএসজি। ছবি রয়টার্স।

পিএসজি মানেই তো নেইমার-কাভানি আর এমবাপ্পের গল্প। কাতারের ধনকুবের নাসের আল খেলাইফি দলের আক্রমণভাগকে ‘ত্রাস’ বানাতে টাকা খরচে কোনো কার্পণ্য করেননি। তবে কাল চ্যাম্পিয়নস লিগ ম্যাচে আন্ডারলেখটের বিপক্ষে এই ত্রিফলার বাইরে থেকে বাজিমাত করলেন একজন। তাও একজন ডিফেন্ডার। লেয়ভিন কুরজাওয়া রীতিমতো হ্যাটট্রিক করেই দলকে জিতিয়েছেন। সঙ্গে যোগ হয়েছিল নেইমার আর মার্কো ভেরাত্তির দুটি গোল। ৫-০ গোলের জয়ে প্রতিযোগিতার নকআউট পর্ব নিশ্চিত করেছে ফরাসি জায়ান্টরা।

খেলার আধা ঘণ্টা পেরোতেই ভেরাত্তির গোলে এগিয়ে যায় পিএসজি। বিরতির আগে শেষ মিনিটে নেইমার ব্যবধানটা ২-০ করেন।

দ্বিতীয়ার্ধের পুরোটা জুড়েই ছিলেন কুরজাওয়া। নেইমারের ফ্রি কিক পোস্টে লেগে প্রতিহত হলে ফিরতি বলে গোল করেন এই ফরাসি লেফট ব্যাক। এরপর দানি আলভেজের ক্রস থেকে নিজের দ্বিতীয় ও বক্সের ভেতর থেকে আড়াআড়ি শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন কুরজাওয়া। গতকালকের ম্যাচ পর্যন্ত গ্রুপ ‘বি’-তে ৪ ম্যাচে ১৭ গোল করল পিএসজি। রক্ষণটাকেও দুর্দান্ত বলতে হবে। এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে পিএসজির জালে এখনো কোনো গোল হয়নি।

ম্যাচ শেষে বিইন স্পোর্টসকে কুরজাওয়া বলেছেন, ‘সতীর্থদের জন্যই হ্যাটট্রিক করতে পেরেছি। আমি অবশ্যই আনন্দিত। এই গোলগুলো আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।’

রাতের অন্য খেলায় সেলটিককে ২-১ গোলে হারিয়ে তাদের সঙ্গী হয়েছে বায়ার্ন মিউনিখ। সূত্র: এএফপি।